
নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার এক বছরেরও বেশি সময় পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫ মার্চ নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সই করার পর আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটিটি প্রকাশ করা হয়।
কমিটি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক যোগ্য নেতাকে অবমূল্যায়ন এবং স্বজনপ্রীতি করে যোগ্যতার চেয়ে অনেককে বেশি দেওয়ার অভিযোগ করেছেন অনেকে।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদ সদস্য আবদুল কুদ্দুসের ছেলে-মেয়েদের নাম আছে। অপর তিন সংসদ সদস্যকে করা হয়েছে নির্বাহী সদস্য। জ্যেষ্ঠ নেতাদের অনেককেই নেওয়া হয়েছে উপদেষ্টা সদস্য হিসেবে।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৭ বছর পর গত বছরের ২০ ফেব্রুয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটাভুটি ছাড়াই কেন্দ্র থেকে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানিয়ে দেওয়া হয়। সভাপতি হিসেবে পুনর্বহাল হন সংসদ সদস্য আবদুল কুদ্দুস। আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। সম্মেলনের সভা থেকে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়।
এটা একটা বিস্ময়কর কমিটি। আমরা যাঁরা সারাক্ষণ জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িয়ে আছি, তাঁদের রাতারাতি নির্বাসনে পাঠানো হয়েছে। আমরা চাটুকারিতা করতে পারি না বলেই আমাদের এই অবস্থা।সামছুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সহসভাপতি
বছরখানেক পর ৫ মার্চ অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাটোরের ১০২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সাক্ষর করেন। আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাংবাদিকদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন। পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে ২৭ জনকে, সহসভাপতি করা হয়েছে ১১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তিনজন করে এবং বিভিন্ন বিষয়ের সম্পাদক পদ পেয়েছেন ২০ জন।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি আবদুল কুদ্দুসের ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভনকে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও মেয়ে কুহেলী কুদ্দুস মুক্তিকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে। আগের কমিটির সহসভাপতি মাজেদুর রহমান, সামছুল ইসলাম ও আবু আহসানকে নতুন কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এ ছাড়া সাবেক সভাপতি সাজেদুর রহমান খানকেও উপদেষ্টা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন এমন নেতার অনেককেই কমিটিতে উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়েছে।
একই পরিবার থেকে বাবা, ছেলে ও মেয়ের জেলা কমিটিতে পদ পাওয়াটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। এটা পরিবারতন্ত্র হয়ে গেছে। যোগ্য নেতাদের অবমূল্যায়ন করে তাঁদের পুনর্বাসন করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে নাটোরের একজন সংসদ সদস্য
উপদেষ্টা পরিষদের সদস্য হওয়াকে ‘নির্বাসনে পাঠানো’ অভিহিত করে সাবেক সহসভাপতি সামছুল ইসলাম বলেন, ‘এটা একটা বিস্ময়কর কমিটি। আমরা যাঁরা সারাক্ষণ জেলা আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িয়ে আছি, তাঁদের রাতারাতি নির্বাসনে পাঠানো হয়েছে। আমরা চাটুকারিতা করতে পারি না বলেই আমাদের এই অবস্থা।’
নতুন কার্যকরী কমিটিতে এবার বেশ কয়েকজন তরুণ নেতাকে স্থান দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রথমবারের মতো জেলা কমিটির পদ পেয়েছেন জুনাইদ আহ্মেদ পলক (সহসভাপতি), আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস (তথ্য ও গবেষণা সম্পাদক), কাজী শরিফুল ইসলাম (ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক) প্রমুখ। কমিটিতে ৩৬ জনকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে। যাঁদের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন সংসদ সদস্য প্রথম আলোকে বলেন, ‘একই পরিবার থেকে বাবা, ছেলে ও মেয়ের জেলা কমিটিতে পদ পাওয়াটা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। এটা পরিবারতন্ত্র হয়ে গেছে। যোগ্য নেতাদের অবমূল্যায়ন করে তাঁদের পুনর্বাসন করা হয়েছে।’
তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে সব দিক বিবেচনা করে চমৎকার একটা কমিটি ঘোষণা করা হয়েছে। এখানে কাউকে অবমূল্যায়ন করা হয়নি। যাঁর যা প্রাপ্য, তাঁকে সেটাই দেওয়া হয়েছে। কেউ চাটুকারিতা করে পদ পাননি।