মাদারীপুর সরকারি কলেজ

জীর্ণ ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে বাস 

একমাত্র ছাত্রাবাসটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চারতলা ভবনটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবু থাকছেন শতাধিক শিক্ষার্থী।

মাদারীপুর সরকারি কলেজের জরাজীর্ণ ছাত্রাবাস
 ছবি: প্রথম আলো

জরাজীর্ণ চারতলা ভবনটির ২৪টি কক্ষের বিভিন্ন স্থানে ফাটল। পলেস্তারা খসে পড়েছে অন্তত ৪০টি স্থানে। প্রতিটি তলায় বারান্দার গ্রিলগুলো বাঁকা হয়ে গেছে। চারতলার পূর্ব ও পশ্চিম পাশের তিনটি পিলারের ঢালাই খুলে রড বেরিয়ে আছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে ছাত্রাবাসে থাকছেন শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে নতুন একটি ছাত্রাবাস নির্মাণের দাবি জানিয়েছেন মাদারীপুর সরকারি কলেজের হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা।

কলেজের মোট শিক্ষার্থী ১৪ হাজার। স্নাতকের ছাত্র-ছাত্রীরা কলেজের হলে থাকেন। এর মধ্যে ছাত্রী হলগুলো ভালো থাকলেও একমাত্র ছাত্রাবাসটির অবস্থা শোচনীয়। গত মে মাসের দিকে কলেজ কর্তৃপক্ষ এই ছাত্রাবাসের দেয়ালে সতর্কীকরণ বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছে। তাতে লেখা, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ’। ছাত্রাবাসটিতে তিন শ শিক্ষার্থী থাকতে পারেন। তবে এমন ঝুঁকিপূর্ণ জেনেও খরচ বাঁচাতে বাধ্য হয়ে বর্তমানে শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদের জন্য নিরাপদ আবাসনব্যবস্থা নিশ্চিত করতে আমরাও চাই। কিন্তু কলেজের যেকোনো ভবন নির্মাণের কাজটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করে থাকে। ছাত্রদের জন্য নতুন একটি ছাত্রাবাস নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। আপতত নতুন ছাত্রাবাস নির্মাণ না হলেও জরাজীর্ণ ছাত্রাবাসটি ৬৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, আগামী দুই-এক মাসের মধ্যেই সংস্কারকাজ শুরু হবে।’

কলেজ সূত্র জানায়, ১৯৮৫ সালে নির্মিত হয় ছাত্রাবাসের ভবনটি। ২৪ কক্ষবিশিষ্ট ছাত্রাবাসে থাকা আবাসিক ছাত্রের সংখ্যা শতাধিক। সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর ২০১৩ সালে সারা দেশের জরাজীর্ণ ভবন চিহ্নিত করা হয়। সেই সময় ভবনটি এলজিইডির মাধ্যমে মৌখিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে ভবনটি মেরামতের মাধ্যমে আরও কিছুদিন ব্যবহার উপযোগী করে তোলা হয়। চলতি বছরের মে মাসে ছাত্রাবাসটি সংস্কারের জন্য মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়। কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে গত ২৬ মে ভবনটিকে মেরামত অযোগ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে সতর্কতা বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ছাত্রাবাসটিতে আবাসিক ছাত্রদের সংখ্যা ও চলাচল সীমিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রাবাসটি ঝুঁকিপূর্ণ থাকায় আমরা নিজেরাই সর্তকবার্তা টাঙিয়ে দিয়েছি। গত ১৯ জুন ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১০৪ শয্যার নতুন একটি ছাত্রাবাস নির্মাণের আবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ ছাড়া গত ৫ সেপ্টেম্বর পুরোনো ছাত্রাবাসটি সংস্কারের জন্য ৬৩ লাখ টাকা বরাদ্দ চেয়েছি। ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে উন্নয়নমূলক কাজের বরাদ্দ স্থগিত আছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নতুন ছাত্রাবাস নির্মাণ ও পুরোনোটি সংস্কারের কাজ শুরু করব।’

জরাজীর্ণ ছাত্রাবাসে কোনো দুর্ঘটনা ঘটলে এই দায় কার—এমন প্রশ্নের জবাবে তানভীর ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কারোই কাম্য নয়। তাঁরা ছাত্রাবাসে সর্তকতামূলক সাইবোর্ড টাঙিয়েছেন, নোটিশ করেছেন, এমনকি অধ্যক্ষকেও বলেছেন যেন ছাত্ররা হলে না থাকেন। এরপরও যদি ছাত্রাবাসে কোনো দুর্ঘটনা ঘটে এই দায় আমরা কেউ এড়াতে পারব না।’

মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিয়ান সাকিব। ২০১৮ সাল থেকে ঝুঁকিপূর্ণ ছাত্রবাসের চতুর্থ তলার ৪২২ নম্বর কক্ষে থেকে পড়ালেখা করেন। এই কক্ষে সাকিবের সঙ্গে থাকেন আরও চারজন। ছাত্রাবাসের বেহাল নিয়ে সাকিব প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভাগ্যে নতুন ছাত্রাবাস নাই। আমাদের পাশেই ছাত্রীদের জন্য দুটি নতুন হল হয়ে গেল। আর আমাদের একটি হল, তা–ও জরাজীর্ণ। আমরা দূর থেকে আসা ছাত্ররা এখানে বাধ্য হয়ে থাকি।’

ছাত্রাবাসের নিচতলায় থাকা শিক্ষার্থী অজিত সরকার বলেন, ‘বাহিরে ঘর ভাড়া করে থাকতে অনেক টাকা খরচ। আমরা দূর থেকে এসে এখানে টিউশনি করে পড়ালেখা করি। খরচ বাঁচাতে বাধ্য হয়ে হলে থাকি। কিন্তু হলের যে অবস্থা, তাতে রোজই আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়।’

ছাত্রাবাসে দায়িত্বরত হোস্টেল সুপার মো. সাইদুর রহমান বলেন, ‘ছাত্রাবাসটি অতি ঝুঁকিপূর্ণ জেনেও ছাত্ররা থাকে। ছাত্রদের হলে না থেকে বিকল্প ব্যবস্থায় থাকার জন্য অনুরোধ করেছি। আমার হলের প্রবেশমুখেই সতর্কবার্তা ঝুলিয়ে দিয়েছি। এরপরও কিছু ছাত্র নিয়মিত হলে ঝুঁকি নিয়ে থাকছে।’