নৌকাডুবির পর জামায়াতের তিন নেতা–কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তোলা
নৌকাডুবির পর জামায়াতের তিন নেতা–কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তোলা

গণসংযোগে যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতা-কর্মীকে নিয়ে ডুবে গেল নৌকা, পরে উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদে জামায়াতে ইসলামীর ১৫ নেতা-কর্মীকে নিয়ে ডুবে গেছে একটি নৌকা। এই দুর্ঘটনার পর নৌকায় থাকা ১২ জন সাঁতার কেটে তীরে ওঠেন। তবে সাঁতার না জানা তিনজনকে নদ থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পশ্চিম আমিলাইশ এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি করা জামায়াতের তিন নেতা-কর্মী হলেন আবদুর রহমান, আবদুল মোমেন ও নুরুল মনির। তাঁদের মধ্যে আবদুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিলাইশ ইউনিয়ন শাখার সভাপতি। অন্য দুজন ইউনিয়ন শাখা জামায়াতের কর্মী।

আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দলের প্রার্থী শাহজাহান চৌধুরীর গণসংযোগে যোগ দেওয়ার জন্য জামায়াতের ১৫ জন নেতা-কর্মী একটি নৌকায় শঙ্খ নদ পার হয়ে তীরবর্তী জেলেপাড়ায় যাচ্ছিলেন। তবে নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন। এ কারণে নৌকাটি মাঝপথে ডুবে যায়।

ইউনিয়ন জামায়াতের আমির আরও বলেন, ‘নৌকায় থাকা আমাদের বেশির ভাগ নেতা-কর্মী সাঁতার কেটে তীরে উঠেছেন। তিনজন সাঁতার না জানায় তাঁদের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘শঙ্খ নদে নৌকাডুবির ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।’