দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শ্রীপুর, গাজীপুর; ৩১ অক্টোবর ২০২৬
দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শ্রীপুর, গাজীপুর; ৩১ অক্টোবর ২০২৬

সারসংকট নিয়ে কৃষিমন্ত্রী: ‘দুষ্টু লোক তো আছে এখানে’

‘রাজনৈতিক না বলে আমি বলব যে দুষ্টু লোক তো আছে এখানে। রাজনৈতিক আমি বলতেছি না, দুষ্টু লোক।’ সারসংকটের পেছনে রাজনৈতিক কারও সংশ্লিষ্টতা আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে এ কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সারসংকটের বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘নরমালি এভাবে আমি বলি না। কিন্তু এখানে দুঃখের সঙ্গে বললাম, আপনি খেয়াল করে দেখেন, এই সারের যত সমস্যা, লিমিটেড কয়েকটা জায়গার ভেতরে, সারা বাংলাদেশে না। একেবারে লিমিটেড জায়গায়। অমুক উপজেলার অমুক ইউনিয়নের।’

বাংলাদেশ ভবিষ্যতে কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির দিকে এগিয়ে যেতে চায়। কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
—কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

সার পাচারের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সার আটকের ঘটনা ঘটছে। তাঁর ভাষ্য, ভারত ও মিয়ানমার সীমান্তের বিভিন্ন জায়গায় সার ধরা পড়ছে। তিনি বলেন, ‘ইন্ডিয়ান বর্ডারে সার ধরা পড়তেছে স্পেসিফিক কয়েকটা জায়গায়। ইন্ডিয়াতে নন–ইউরিয়া সারগুলো আমাদের এখান থেকে দাম বেশি। ওই দিকে পাচার হওয়ার একটা প্রবণতা আছে।’

এর আগে অনুষ্ঠানে আমিন উর রশিদ বলেন, চাহিদার তুলনায় কোনো কোনো এলাকায় বেশি সার সরবরাহের পরও সংকট দেখা যাচ্ছে। বিষয়টি সাংবাদিকদের খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কৃষিপণ্য রপ্তানি নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানির দিকে এগিয়ে যেতে চায়। কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

গাজীপুরের কাঁঠাল বিদেশে রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, গামা ইরেডিয়েশন সেন্টারে প্রক্রিয়াজাত করার মাধ্যমে কাঁঠালসহ বিভিন্ন ফল ও সবজির সংরক্ষণকাল বাড়ানো সম্ভব হবে। এতে পচন ও পোকামাকড়ের ঝুঁকি কমিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে কৃষিপণ্য রপ্তানি করা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি।