হঠাৎ করে নওগাঁ থেকে ঢাকায় আসছে না কোনো বাস

আজ শুক্রবার ভোর থেকে নওগাঁ থেকে ঢাকামুখী বাসের চলাচল বন্ধ রাখা হয়েছ। নওগাঁ শহরের বাসস্ট্যান্ড এলাকা
ছবি: প্রথম আলো

ঢাকায় বিএনপির গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার ভোর থেকে হঠাৎ নওগাঁ থেকে ঢাকামুখী বাসের চলাচল বন্ধ হয়ে গেছে। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে ঢাকামুখী বাস চলাচল বন্ধ থাকলেও দেশের অন্যান্য জেলার সঙ্গে নওগাঁর আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক আছে। এ ছাড়া নওগাঁর অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল স্বাভাবিক আছে।

বাসমালিক ও শ্রমিকদের দাবি, কোনো ধর্মঘট নয়, যাত্রীসংকট ও নিরাপত্তার কারণে বাস ছাড়ছেন না তাঁরা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আতঙ্কে ঢাকাগামী যাত্রীসংখ্যা কমেছে বলে দাবি তাঁদের।

আজ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, সেখান থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যাচ্ছে না। জেলা স্টেডিয়ামের সামনের মাঠে দূরপাল্লার বাসগুলো সারি করে দাঁড় করানো আছে। ঢাকাগামী বাস না ছাড়ায় যাত্রীরা বিভিন্ন পরিবহনের কাউন্টারে ঘুরে হতাশ। কেউ কেউ ট্রেনে করে ঢাকায় যাওয়ার জন্য সান্তাহার জংশনে যান। আবার অনেকে বাস না পেয়ে বাড়িতে ফিরে যান।

নওগাঁ বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রী শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আমার ভাই গুরুতর অসুস্থ হওয়ায় রাতে তার সহপাঠীরা হাসপাতালে ভর্তি করে। তার কাছে যাওয়ার জন্য সকালে বাসস্ট্যান্ডে আসি। প্রায় সব কাউন্টারে খোঁজ নিয়ে দেখলাম, কোনো পরিবহনের বাসই চলছে না। যেখানে গিয়ে টিকিট চাই, সেখানেই বলছে, বাস বন্ধ। বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে অটোরিকশায় করে সান্তাহারে যাব। সেখান থেকে ট্রেনে করে ঢাকায় যাব।’

বিএনপির নেতা-কর্মীদের দাবি, ঢাকায় বিএনপির গণসমাবেশে নওগাঁর নেতা-কর্মীদের ঠেকাতে নওগাঁ থেকে ঢাকার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা ও নির্দেশে বাসমালিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান বলেন, ‘বিএনপির সমাবেশ ঘিরে বাস চলাচল বন্ধ রাখা একটা রীতি হয়ে গেছে। বাস বন্ধ হবে, এটা আমাদের আগেই জানা ছিল। বাস বন্ধ থাকবে এই কথা মাথায় রেখে আমাদের নেতা-কর্মীদের বেশির ভাগই ইতিমধ্যে ঢাকায় চলে গেছেন। যতই প্রতিবন্ধকতা আসুক, সমাবেশ সফল হবেই।’

বাস বন্ধ থাকার বিষয়ে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান প্রথম আলোকে বলেন, শ্রমিক ইউনিয়ন ও বাসমালিকদের পক্ষ থেকে কোনো ধরনের বাস রাখার নির্দেশনা দেওয়া হয়নি। যাত্রীসংকটের কারণে বাস ছাড়ছে না। আবার কোনো কোনো বাসমালিক রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তার কারণে বাস ছাড়ছেন না। বিএনপির সমাবেশ ঘিরে বাস বন্ধ রাখা হয়েছে, এই অভিযোগ সত্য নয়। যাত্রীসংকট কেটে গেলে এবং রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই বাস চলাচল শুরু করবে।