
নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়াশ বাজারের মেসার্স হামিদ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২২০ বস্তা সার পাওয়া যায়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হামিদুল ইসলামের ছেলে মো. রাসেলকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে থাকা ২২০ বস্তা সার সরকারি মূল্যে এক দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
একই অভিযানে বিয়াশ চারমাথা মোড়ের তরিকুল এন্টারপ্রাইজে অবৈধ সার মজুতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও আবদুল্লাহ আল রিফাত বলেন, প্রশাসন সতর্ক আছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।