
ভাঙন রোধে গত ৭ ও ১৯ জুন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রংপুরে ঘাঘট নদের ২০ স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে মিঠাপুকুর উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায় আবাদি জমি ও বসতভিটা নদের গর্ভে বিলীন হচ্ছে। ভাঙনকবলিত এলাকার লোকজনের পক্ষে স্থানীয় সংসদ সদস্য লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বিষয়টি জানান। কিন্তু ভাঙন রোধে পাউবো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি।
রংপুরের সদর উপজেলা, সিটি করপোরেশন ও মিঠাপুকুর উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে ঘাঘট নদ। মিঠাপুকুরের ঘাঘটপাড়া এলাকায় গত সোমবার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নদের ভাঙন দিন দিন তীব্র হচ্ছে। এ এলাকায় গত এক মাসের ব্যবধানে ২৫ ব্যক্তির আবাদি জমি নদের গর্ভে বিলীন হয়েছে। বর্তমানে আরও কয়েকজনের বাড়ি নদের কিনারে এসেছে। যেকোনো সময় নদের ভাঙনে বিলীন হতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীর।
মনোয়ার হোসেন বলেন, ‘আমাদের বাড়িঘর নদের তীরে। যে কোনো সময় ভাঙনে ঘর-বাড়ি নদে চলে যেতে পারে। ভাঙন রোধে পাউবোকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
নদের ভাঙন থেকে বসতভিটা, মসজিদ ও আবাদি জমি রক্ষার জন্য মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কোমরপুর ঘাঘটপাড়ার বাসিন্দাদের পক্ষে স্থানীয় সংসদ সদস্য (রংপুর-৫) এইচ এন আশিকুর রহমান গত ১৯ জুন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বরাবর একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে ৭ জুনও আবেদন জানানো হয়। এলাকাবাসীও পাউবোর রংপুর কার্যালয়ে গিয়ে দাবি জানিয়েছেন।
এদিকে ঘাঘট নদের অব্যাহত ভাঙনে রংপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর উচাটারী মহল্লার ৪টি পরিবারের ১০টি ঘর বিলীন হয়ে গেছে। ঈদগাহ মাঠসহ আরও ৬ পরিবারের ১৫টি বাড়ি নদের গর্ভে বিলীনের ঝুঁকিতে রয়েছে। পাউবো ও সিটি করপোরেশনকে একাধিকবার জানানোর পরও ভাঙন প্রতিরোধে এক বস্তা বালুও ফেলা হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
ইসলাম নামের এক ব্যক্তির বলেন, ১০ শতক জমির ওপর নির্মিত আধপাকা বাড়ি অল্প কয়েক দিনের ব্যবধানে বিলীন হয়ে গেছে। অন্যের জমিতে টিনের ঘর তুলে কোনো রকমে পরিবার নিয়ে বাস করছেন।
শরিফুল মিয়া বলেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়রের সঙ্গে দেখা করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।
প্যানেল মেয়র মাহমুদুর রহমান জানান, তিনি ভাঙনকবলিত এলাকায় গিয়েছেন। পাউবোকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ভাঙন রোধে ঘাঘট নদের ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া ভাঙন ঠেকাতে ঘাঘট নদ ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে ওই প্রকল্প সমীক্ষা পর্যায়ে আছে।