হাতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনব্যাপী সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। জুড়ী, মৌলভীবাজার, ২০ নভেম্বর ২০২৬
হাতি সংরক্ষণে সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনব্যাপী সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। জুড়ী, মৌলভীবাজার, ২০ নভেম্বর ২০২৬

দেশে ১১ বছরে ১২৩টি হাতি মারা গেছে, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বেশির ভাগের

দেশে গত ১১ বছরে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে। এর বেশির ভাগই মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। হাতির আবাসস্থল সংকুচিত হওয়া এবং মানুষের সঙ্গে সংঘাতের কারণে হাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তাই হাতি সংরক্ষণে সবাইকে আরও মানবিক হতে হবে।

মৌলভীবাজারের জুড়ীতে হাতি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তারা এ কথা বলেন। ‘হাতি সংরক্ষণ প্রকল্পের’ আওতায় সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ এ সেমিনারের আয়োজন করে।

আজ শুক্রবার জুড়ী উপজেলার নয়াবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে সেমিনারের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান। বক্তব্য দেন কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন, মৌলভীবাজারে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম।

সেমিনারে বন সংরক্ষক জহির উদ্দিন বলেন, ২০১৫-১৬ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত দেশে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ২১টি হাতি মারা যায়। ফসল রক্ষার জন্য অনেকে জমিতে বৈদ্যুতিক বেড়া স্থাপন করেন। এসব বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশির ভাগ হাতির মৃত্যু হয়েছে।

বন বিভাগের এই কর্মকর্তা বলেন, হাতি সংরক্ষণে সরকার ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় হাতির প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, নিরাপদ প্রজনন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, হাতি-মানুষের সংঘাতের কারণ নিরূপণ, হাতির সংখ্যা স্থিতিশীল রাখা এবং মৃত্যুর হার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

জহির উদ্দিন জানান, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বর্তমানে মোট ৪৫০টি হাতি রয়েছে। হাতি সংরক্ষণে সবাইকে মানবিক হতে হবে। অন্যথায় এসব হাতি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

সেমিনারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম জানান, মৌলভীবাজার অঞ্চলে ২৯টি পোষা ও তিনটি বন্য হাতি রয়েছে। বন্য হাতিগুলো জুড়ী-বড়লেখার পাথারিয়া হিল সংরক্ষিত বন এবং ভারতের আসাম রাজ্যের বনাঞ্চলে বিচরণ করে। তিনটি হাতিই নারী। এর মধ্যে একটি হাতি বেশ কিছুদিন ধরে অসুস্থ।

সেমিনারে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে হাড়ারগজ সংরক্ষিত বনে হাতির অভয়াশ্রম গড়ে তোলার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতির প্রজনন বাড়াতে হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় জুড়ীর লাঠিটিলা সংরক্ষিত বনে একটি পুরুষ হাতি ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তবে কমিটি এ পরিকল্পনায় সম্মতি দেয়নি। আপাতত কক্সবাজারে হাতির অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে উপযোগিতা বিবেচনা করে হাড়ারগজ বনে অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সেমিনারে জনপ্রতিনিধি, পুলিশ, ফায়ার সার্ভিস, কৃষি বিভাগ ও বন বিভাগের কর্মকর্তা, ফরেস্ট ভিলেজার, কাঠ ব্যবসায়ী, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।