
মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে মামলার আসামি হলেন গাজীপুরের শ্রীপুরের সাবেক দুই জনপ্রতিনিধি। তাঁদের একজন পৌর কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তাঁদের প্রশ্ন, মৃত্যুর পরও কীভাবে কেউ সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেন?
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় ১১১ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। তাঁর বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে।
একই মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি উপজেলার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বলেন, মামলায় অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই দুজনের নাম বাদ দেওয়া হবে।
মামলার এজাহারে ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে।
মামলায় আরও যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন আলী আজগর ও ইদ্রিস আলী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁদের স্বজনেরা। মৃত আলী আজগরের জামাতা ফজলে রাব্বী বলেন, ‘একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাঁকে মামলার আসামি করা হয়? বিষয়টি খুবই দুঃখজনক। এতে তাঁদের পরিবার কষ্ট পেয়েছে। এখন বিষয়টি কীভাবে মীমাংসা হবে, তা–ও বুঝতে পারছি না।’
ইদ্রিস আলীর এক ঘনিষ্ঠ স্বজন নিজের পরিচয় গোপন রাখার শর্তে এ বিষয়ে কথা বলতে রাজি হন। তিনি বলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? ইদ্রিস আলী ২০২৪ সালের ২ ডিসেম্বর মারা গেছেন। পরিবারের সদস্যরা এমন ঘটনায় নতুন করে কষ্ট পেল।