ফরিদপুরে প্রান্ত হত্যার ঘটনায় আদালতে চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিহত কলেজছাত্র প্রান্ত মিত্র
ছবি: সংগৃহীত

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী প্রান্ত মিত্রকে (২৩) হত্যার ঘটনায় গ্রেপ্তার চার ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিকেলে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছারের আদালতে তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ব্যক্তিরা হলেন শহরের গুহলক্ষ্মী মহল্লার মো. সজীব শেখ (২৩), ফরিদপুর সদরের মমিনখার হাট এলাকার মো. ইস্রাফিল মল্লিক (৩৪), শহরের টেপাখোলা গোপালদি মাতুব্বরের ডাঙ্গী মহল্লার মো. সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মো. মাসুম শেখ (৩৪)।

নিহত প্রান্ত মিত্র ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়ার বাসিন্দা ও স্থানীয় দীপশিখা স্কুলের পরিচালক বিকাশ মিত্রের ছেলে। তিনি ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২৭ জুলাই প্রান্তের বাবা বিকাশ মিত্র বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে চার আসামির আদালতে জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করে এ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শামীম হোসেন প্রথম আলোকে বলেন, জবানবন্দি শেষে তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমানকে কুপিয়ে আহত করার অভিযোগে করা মামলাতেও ওই চারজনকে গ্রেপ্তার (শ্যেন অ্যারেস্ট) দেখানো হয়েছে।

আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে পুলিশ জানায়, সজীব, ইস্রাফিল ও সিফাতুল্লাহ এ হত্যায় সরাসরি অংশ নেন। তাঁরা যে মোটরসাইকেলটি ভাড়া করেছিলেন, সেটির মালিক মাসুম শেখ। এই চারজনকেই প্রান্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

প্রান্ত মিত্র হত্যা মামলায় গ্রেপ্তার আসামিরা। আজ ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে

গত ২৪ জুলাই দিবাগত রাত সোয়া দুইটার দিকে শহরের আলীপুর সেতুর কাছে বুকে চাকু মেরে হত্যা করা হয় প্রান্তকে। এর আগে রাত দুইটার দিকে হৃদয় খান নামের এক বন্ধুর ফোন আসে প্রান্তর কাছে। হৃদয় তাঁর বোনের অস্ত্রোপচার ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে হচ্ছে জানিয়ে প্রান্তকে আসতে বলেন। ওয়্যারলেস পাড়ার বাসা থেকে ওই হাসপাতালে যাওয়ার পথে আলীপুর সেতু এলাকার উত্তর পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। ২৭ জুলাই প্রান্তের বাবা বিকাশ মিত্র বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. পুলিশ মো. শাহজাহান আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ ব্যাপারে সংবাদ ব্রিফিং করেন। ওই সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকার শ্যামপুর এলাকা থেকে প্রান্ত মিত্র হত্যা মামলার আসামি মো. সজীব শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে প্রান্তের মুঠোফোনটি উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাত সাড়ে ১১টার দিকে মধুখালী থানা এলাকা থেকে মো. ইস্রাফিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল দিবাগত রাত দেড়টার দিকে কানাইপুরে রাজীবের পরিত্যক্ত ঘর থেকে প্রান্ত হত্যায় ব্যবহৃত চাকু ও চাপাতি উদ্ধার করা হয়। রাত সাড়ে তিনটার দিকে মো. সিফাতুল্লাহকে টেপাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আজ ভোর সাড়ে চারটার দিকে ছিনতাই ও হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. মাসুম শেখকে শহরের ভাজনডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।