বিরামপুরে বাড়ির দরজার সামনে পড়ে ছিল সবজি ব্যবসায়ীর লাশ

সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার দক্ষিণপাড়ায়
ছবি: প্রথম আলো

দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি বাড়ির দরজার সামনে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ পড়ে ছিল। আজ বৃহস্পতিবার সকালে বিরামপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার দক্ষিণপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে হিটলার (৪৫)। তিনি ওই মহল্লার মনছের আলীর ছেলে। তিনি প্রায় ১২ বছর আগে নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া গ্রাম থেকে এসে বিরামপুরের ওই মহল্লায় বাড়ি করেন। এর পর থেকে সেই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তিনি চাঁদপুর মহল্লার কলেজবাজার বটতলী এলাকায় সবজির ব্যবসা করতেন। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।

পরিবারের বরাত দিয়ে বিরামপুর পৌরসভার কাউন্সিলর নাজনীন আক্তার প্রথম আলোকে বলেছেন, হাবিবুর রহমান দোকানের কাজ শেষে প্রতিদিন রাতে বাড়ি ফেরেন। গতকাল বুধবার রাতে বাড়ি ফিরে রাতের খাবার খান। পরে দিবাগত রাত ১২টার দিকে সিগারেট টানার জন্য বাড়ির বাইরে যান। আজ ভোরে হাবিবুর রহমানের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠে স্বামীকে দেখতে না পেয়ে বাড়ির দরজা খুলতে গিয়ে দেখেন, দরজা বাইরে থেকে বন্ধ। পরে তাঁদের ছেলে আলফাদ হোসেন (১০) দেয়াল টপকে বাড়ির বাইরে গিয়ে দরজার সামনে বাবার গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রথম আলোকে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা সম্ভবত তাঁকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহত হাবিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।