
চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার সকালে মিছিলটি হয়েছে বলে ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে হয়েছে বলে দাবি করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়। ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি সড়ক থেকে ২০–৩০ জন কিশোর ও যুবকের একটি দল ব্যানার নিয়ে মূল সড়কে ওঠে। সামনে চারজনকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দেওয়ার পর দলটি দ্রুত সেখান থেকে চলে যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভিডিওটি খুব সম্ভবত সকালের। বিষয়টি পুলিশের নজরে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।