
অন্যের জমির বিরোধ মেটানোর সালিসে নেতৃত্ব দেওয়ার জেরে মারধরের শিকার হয়ে আহত হওয়ার ১৩ দিন পর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক মৃধা (৬৬)। তিনি নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউপির সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি চিলান গ্রামে।
লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়া চিলান গ্রামের ওসমান গনি ও মোজাম জোয়ার্দারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এই বিরোধ মেটানোর জন্য ইউপিতে একটি সালিস হয়। সালিসে নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মৃধা। এতে মোজাম জোয়ার্দার তাঁর প্রতি ক্ষুব্ধ হন। এর জেরে ১ জানুয়ারি বেলা তিনটার দিকে রাজ্জাকের ওপর হামলা চালান মোজামের লোকজন। তাঁরা কোদাল, চায়নিজ কুড়াল ও লাঠি দিয়ে তাঁর হাত-পা ভেঙে দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক অস্ত্রোপচার শেষে তাঁকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল বাঁ পায়ে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করার পর তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ রোববার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। সহিংসতা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল খালেক বলেন, ঘটনার সময় তিনি রাজ্জাকের সঙ্গে গল্প করতে করতে হাঁটছিলেন। জোয়ার্দার বাড়ির পাশে পৌঁছার পরই রাজ্জাকের ওপর কোদাল, দা ও লাঠি নিয়ে হামলা শুরু হয়। রাজ্জাক কর্মজীবনে একজন আমিন (ল্যান্ড সার্ভেয়ার) ছিলেন। অন্যের জমির বিরোধ মেটাতে গিয়ে রাজ্জাকের মৃত্যুতে তাঁরা মর্মাহত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ারুজ্জামান বলেন, সাবেক চেয়ারম্যান আহত হন ১ জানুয়ারি। ৪ জানুয়ারি ওই ঘটনায় তাহের জোয়ার্দারসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন। তাঁরা এখন কারাগারে। এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।