
যশোরের কোনো বাস ও মাইক্রোবাস বিএনপি নেতা-কর্মীদের ভাড়া দেওয়া হচ্ছে না। যে কারণে খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দেওয়া নিয়ে ভোগান্তিতে পড়েছেন নেতা-কর্মীরা। তবে ভিন্ন কৌশলে সমাবেশে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ‘যশোরের কোনো বাস বা মাইক্রোবাস আমাদের কাছে ভাড়া দিচ্ছে না। এ বিষয়ে আমরা পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তাদের অনেকে বলেছেন, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।’
জানতে চাইলে আন্তজেলা বাস সিন্ডিকেট যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া প্রথম আলোকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা নিজেরাই ভাড়া দিচ্ছি না।’
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মীর খুলনার সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার এক হাজারের মতো নেতা-কর্মী খুলনা শহরে পৌঁছে গেছেন।
জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, ‘যারা যাওয়ার, তারা আজ শুক্রবার পৌঁছে যাবে। আগামীকাল পথে পথে বাধা আসতে পারে। সেই বাধাও অতিক্রম করে কীভাবে খুলনায় পৌঁছাতে হবে—সে কৌশলও আমাদের নেতা-কর্মীদের কাছে রয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে যশোর শহরের বিএনপির একজন কর্মী বলেন, ‘খুলনাতে যাওয়ার কোনো যানবাহন পাচ্ছি না। শেষমেশ কিছু না পেলে মোটরসাইকেলে চড়ে যাব। সেখানেও বাধা পেলে হেঁটে চলে যাব।’