
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী লেনে সাইরেন বাজিয়ে যাচ্ছিল একটি মাঝারি আকারের মালবাহী পিকআপ ভ্যান। সামনে যানজট দেখে অনবরত সাইরেন বাজতে থাকে পিকআপটি থেকে। কাছে এগিয়ে গিয়ে সাইরেন বাজানোর কারণ জানতে চাইলে চালক সেটি বন্ধ করে বলেন, ‘শব্দ না দিলে জাম ছুডে না। এ জন্য শব্দ লাগাইছি’।
ওই চালক তাঁর নাম আশরাফুল ইসলাম বলে জানান। সাইরেন সংযোজনের আইন সম্পর্কে জানা আছে কি না, প্রশ্ন করা হলে আশরাফুল বলেন, ‘এগুলো জানি না।’
যথেচ্ছ সাইরেন বাজানোর এমন ঘটনা শ্রীপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কয়েক দিন সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে, শুধু পিকআপ ভ্যান নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ি, ট্রাক, বাস, এমনকি মোটরসাইকেলেও জরুরি সাইরেন বাজানো হয়। এতে আইনগতভাবে যাঁদের জরুরি সাইরেন বাজানোর কথা, তাঁরা সড়কে গুরুত্ব পাচ্ছেন না। যেখানে–সেখানে যেকোনো গাড়ি থেকে জরুরি সাইরেনের শব্দ এখন সড়কের চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ যাত্রীদের কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এতে প্রকৃত অর্থে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবার গাড়িগুলোর সাইরেনের শব্দে সামনে থাকা সাধারণ গাড়িগুলো চালকেরা তুলনামূলক কম প্রতিক্রিয়া দেখান।
সাইরেনের শব্দে অতিষ্ঠ স্থানীয় বেশ কয়েকজন জানিয়েছেন, যানবাহনে সাইরেন ব্যবহার বিলাসিতায় পরিণত হয়েছে।
যানবাহনে সাইরেন ব্যবহারে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, কেবল অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপণ যানবাহন, জরুরি উদ্ধারকাজে নিয়োজিত যানবাহন, জরুরি জনগুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যবহৃত মোটরযানে কর্তৃপক্ষের অনুমোদিত হর্ন সংযোজন করা যাবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডিত করা যাবে।
মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কারা কারা সাইরেন ব্যবহার করতে পারবেন। তা সড়ক পরিবহন আইনে বলা আছে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।
জরুরি সাইরেন সম্পর্কে কথা হয় মহাসড়কে চলাচল করা কয়েকজন গাড়ি চালকের সঙ্গে। তাকওয়া পরিবহনের চালক মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বেশ কয়েকটি স্থানে সামান্য যানজটেই অ্যাম্বুলেন্সের মতো সাইরেন বাজানো হয়। অথচ সেটি অ্যাম্বুলেন্স নয়, ভিআইপি বহনকারী গাড়িও না, এমনকি আইন প্রয়োগকারী সংস্থারও কোনো গাড়ি নয়। কেবল অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্যই এভাবে সাইরেন বাজানো হয়।
ভালুকা অভিমুখে যাওয়া বাসচালক মো. নিজাম উদ্দিন বলেন, মোটরসাইকেল, পিকআপ, ট্রাক, বাসে ইচ্ছামতো জরুরি সাইরেন বাজানো হচ্ছে। এতে প্রচণ্ড শব্দদূষণ হয়। অতিষ্ঠ হয় সাধারণ মানুষ।
গত বুধবার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক মো. দিদারুল ইসলাম বলেন, আগে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে সড়কে রিকশা, সাইকেলসহ সব ধরনের যানবাহন গুরুত্ব দিয়ে যাওয়ার সুযোগ দিত। কিন্তু এখন কেউ গুরুত্ব দিতে চায় না। তারা মনে করে, কেউ হয়তো অহেতুক সাইরেন বাজাচ্ছে। কারণ, সাম্প্রতিক সময়ে সাধারণ গাড়িগুলোতেও তারা সাইরেন বাজাতে শুনেছে। সব ধরনের গাড়িতে হর্ন সংযোজন চলতে থাকলে প্রকৃত জরুরি যানবাহনগুলোর গুরুত্ব আরও কমে যাবে।
১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি মিনিবাসে সাইরেন বাজানো নিয়ে সামনের ব্যক্তিগত গাড়িচালকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। মিনিবাসচালক মো. রবিউল ইসলাম জোর দিয়ে দাবি করেছিলেন, ‘এভাবে সাইরেন বাজানো আইনে নিষেধ নেই। নিষেধ থাকলে এক বছর ধরে আমাকে তো কেউ বাধা দেয়নি।’
কোনো জরুরি কারণে উচ্চ শব্দে সাইরেন বাজাচ্ছেন কি না জানতে চাইলে রবিউল বলেন, ‘রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সাইরেন না বাজালে কেউ সাইড দিতে চায় না। এ জন্য সাইরেন লাগাইছি। তবে সব সময় বাজাই না।’
শ্রীপুরের জৈনাবাজারের স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, ‘ভিআইপিদের মতো উচ্চ শব্দে সাইরেন বাজানো তো এখন বিলাসিতা। সবচেয়ে বেশি সাইরেন বাজানো হয় মোটরসাইকেলে। উচ্চ শব্দের সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে কিশোর চালকেরা ঝুঁকি নিয়ে চলাচল করে। একই এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামান বলেন, ‘গ্রামের ভেতরে যানজট মুক্ত রাস্তার মধ্যেও অনেকে অহেতুক মোটরসাইকেল ও প্রাইভেট কারে সাইরেন বাজায়। এটা কোনো ধরনের বিলাসিতা, বুঝলাম না।’
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী প্রথম আলোকে বলেন, অনেকেই আবেগে, শখে নিজেদের মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়িতে সাইরেন সংযোজন করেন। এটা আইনের লঙ্ঘন। তিনি আরও বলেন, জরুরি অপারেশন ছাড়া ফায়ার সার্ভিসের গাড়িতে পর্যন্ত সাইরেন বাজানোর নিয়ম নেই। ইচ্ছামতো সাইরেন বাজানোর ফলে জরুরি সেবাদাতা গাড়িগুলোর গুরুত্ব অনেক কমে গেছে। অহেতুক সাইরেন বাজানোর ওপর পুলিশের আইন প্রয়োগের সুযোগ আছে। বিষয়টি পুলিশকে গুরুত্ব দিয়ে দেখা উচিত।