ফেনীতে আ.লীগ কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে তরুণী আটক

গতকাল রাত সাড়ে আটটার দিকে এক তরুণী হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে ছকিনা আক্তার (২০) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে দাবি করছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে ছকিনা আক্তারের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন। পাঁচ থেকে ছয় দিন ধরে তিনি অসংলগ্ন আচরণ করছেন।

পুলিশ জানায়, ছকিনা আক্তার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া এলাকার মৃত নুরুল আমিনের মেয়ে। ছকিনার স্বামী সৌদি আরবপ্রবাসী। ছয় মাস ধরে স্বামীর সঙ্গে সৌদি আরবে ছিলেন ছকিনা। গত সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে ছকিনা আক্তার হঠাৎ আওয়ামী লীগের কার্যালয়ের দেয়ালে টানানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী ওরফে নাসিমের ছবি ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের টেবিলের ওপর রাখা দুটি কাচের গ্লাসও ভেঙে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে দলীয় নেতা-কর্মীরা ছকিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনার পর ছকিনার মা হাসিনা বেগম আওয়ামী লীগের কার্যালয়ে যান। এ সময় হাসিনা বেগম তাঁর মেয়েকে মানসিক ভারসাম্যহীন দাবি করে এ-সংক্রান্ত কিছু চিকিৎসাপত্র পুলিশকে দেখান। হাসিনা বেগম বলেন, গত সপ্তাহে ছকিনা সৌদি আরব থেকে একা দেশে ফিরেছেন। এর পর থেকেই অসংলগ্ন আচরণ করছেন। ছকিনাকে কুমিল্লার নাঙ্গলকোটের একটি মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। গত শনিবার বিকেলে ছকিনা বাড়িতে থেকে বেরিয়ে যান। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ভাঙচুরের পর তাৎক্ষণিকভাবে দলীয় নেতা-কর্মীরা ওই তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেন

ছকিনার মায়ের এসব দাবির বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি পৌর শহরের বণিক সমিতির কার্যালয়ে ছিলেন। ভাঙচুরের খবর পেয়ে তাৎক্ষণিক দলীয় কার্যালয়ে যান। প্রাথমিকভাবে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই তরুণীকে মানসিক ভারসাম্যহীন দাবি করা হচ্ছে। এ-সংক্রান্ত চিকিৎসাপত্রও দেখানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ওই তরুণী যদি সত্যিই মানসিক ভারসাম্যহীন হন, তাহলে দলের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করবেন না। তবে যদি কোনো ষড়যন্ত্র বা ওই তরুণী সুস্থ ও সজ্ঞানে ভাঙচুর করে থাকেন, তাহলে তিনি বাদী হয়ে মামলা করবেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, ছকিনার চিকিৎসাপত্র সংযুক্ত করে তাঁর মা থানায় লিখিত আবেদন করেছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।