বরিশালের প্রবীণ সাংবাদিক এস এম ইকবালের দাফন সম্পন্ন

প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালকে গার্ড অব অনার। আজ দুপুরে বরশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক ও সংস্কৃতিকর্মী বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালের (৭৯) দাফন সম্পন্ন হয়েছে। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ প্রথমে বরিশাল নগরের মাইনুল ইসলাম সড়কের প্রেসক্লাব ভবনে এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। দুপুরে বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর জানাজা হয়। জানাজা শেষে তাঁকে বরিশাল নগরের মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

এস এম ইকবাল

গতকাল বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এস এম ইকবাল। আজ সকাল ১০টায় তাঁর মরদেহ নেওয়া হয় বরিশাল জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে। সেখানে তাঁর সহকর্মী আইনজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। বেলা ১১টায় মরদেহ বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জানাজার আগে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের উপস্থিতিতে প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে বরিশাল মেট্রোপলিটন ‍পুলিশের একটি চৌকস দল।

এস এম ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।

এস এম ইকবাল সত্তরের দশক থেকে এ পর্যন্ত ঢাকা ও বরিশাল থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তার সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ বরিশালের আজকাল পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক পদে ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের আটবার সভাপতি ও পাঁচবারের সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকতায় মাইনুল হাসান স্মৃতি পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাংবাদিক। ২৮টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের দুবার সভাপতি নির্বাচিত হন তিনি।