কসবায় মোটরসাইকেলের চাপায় প্রাণ গেল শিশুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের চাপায় প্রাণ গেছে এক শিশুর। আজ বুধবার সকাল ১০টার দিকে কসবা পৌর এলাকায় শিশুটির নানার বাড়ি আড়াইবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফি মিয়া (৫)। সে একই উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বাদল মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফি মায়ের সঙ্গে আড়াইবাড়ি গ্রামে নানা সহিদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। সকাল ১০টার দিকে কসবা-সৈয়দাবাদ সড়কের পাশে খেলছিল সে। এ সময় সৈয়দাবাদমুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল শিশুটির ওপর তুলে দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন দৌড়ে এসে শিশু রাফিকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। পরে শিশুর লাশ নানার বাড়িতে নেওয়া হয়। খবর দেওয়া হয়েছে বাবার বাড়ি চকচন্দ্রপুর গ্রামে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল বলে জানান কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মিশকাতুজ্জামান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন বলেন, শিশু মারা যাওয়ার বিষয়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।