
চট্টগ্রাম নগরে রেললাইন থেকে পানি না সরায় পর্যটক এক্সপ্রেসের পর এবার কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।
ট্রেনটি গতকাল মঙ্গলবার রাত ১১টায় কক্সবাজারের উদ্দেশে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছাড়ে। আজ বুধবার ভোরে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায়। কিন্তু চট্টগ্রাম নগরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় রেললাইনের ওপর পানি থাকায় ট্রেনটি আর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
এ কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পথে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সকালে রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এর আগে গতকাল রাতে একই পথে বাতিল করা হয় পর্যটক এক্সপ্রেসের যাত্রা।
রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের মধ্যবর্তী একটি জায়গার রেললাইন প্রায় দুই ফুট পানিতে ডুবে আছে। পানি না কমায় কক্সবাজারের উদ্দেশে কক্সবাজার এক্সপ্রেস ছাড়া সম্ভব হয়নি। ট্রেনটি বিকেল চারটায় আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে রেলওয়ে। তারা বলছে, যাত্রীরা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যাত্রীদের মধ্যে যাঁরা ঢাকায় ফিরতে চান, তাঁরা একই টিকিট দিয়ে বিকেল চারটায় কক্সবাজার এক্সপ্রেসে করে যেতে পারবেন।
এদিকে গতকাল রাতে পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করা হয়। আজ সকালে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল সকাল সোয়া ছয়টায় যাত্রা শুরু করেছিল পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় গিয়ে থেমে যায়। সামনের রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি আবার ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়। ট্রেনটির কক্সবাজারে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটে।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ের কর্মকর্তারা বলেছিলেন, ট্রেনটি ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রামের মূল স্টেশনে নেওয়া হয়েছে। সেখান থেকে পানি আর জ্বালানি সংগ্রহ করা হবে। এরপর কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়ার সময় ঠিক করা হবে।
যদিও পরে ট্রেনটির কক্সবাজার যাত্রা বাতিল করা হয়।
একই কারণে চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলকারী দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম স্টেশন থেকে গতকাল বেলা সোয়া তিনটায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রাতের সৈকত এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে রেলযাত্রায় বিঘ্ন ঘটায় যাত্রীদের কাছে রেলওয়ে দুঃখ প্রকাশ করেছে। এ তথ্য জানিয়েছেন রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান।