
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শরিফ মিয়া (২৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই তিনজনের সঙ্গে বেড়াতে গিয়েই খুন হন শরিফ। মঙ্গলবার তিনজনই কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার তিন বন্ধু হলেন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের নবী মিয়ার ছেলে নিলয় মিয়া ওরফে বাবু (১৯), পৌর শহরের দড়ি চন্ডিবের এলাকার সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়া ওরফে ইব্রাহিম (২০) ও উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের শ্রীমতিচর গ্রামের আসাদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)।
১৪ অক্টোবর রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রাম থেকে শরিফের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়ার মৃত মুক্তার হোসেনের ছেলে। এ ঘটনায় শরিফের ভাই শিপন মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। এরপর গত রোববার রাতে র্যাব-২–এর সহায়তা নিয়ে ঢাকার লালবাগ এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামিদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের শিকার শরিফ ও আসামিরা একে অপরের পরিচিত। তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। ১৪ অক্টোবর সন্ধ্যায় তাঁরা কুলিয়ারচরে বেড়াতে যান। মাটিকাটা এলাকা অতিক্রম করার সময় নিলয়ের বোনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন শরিফ। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নিলয়ের পক্ষ নিয়ে হৃদয় সঙ্গে থাকা চাকু নিয়ে শরিফকে ছুরিকাঘাত করে। হৃদয় হলেন নিলয়ের ভগ্নিপতি। ছুরিকাঘাত করার পর শরিফ মাটিতে লুটিয়ে পড়েন। শরিফকে চেপে ধরেন নিলয় ও হৃদয়। তখন বাদল চাকু দিয়ে শরিফের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। পরে তাঁরা অটোরিকশাটি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন অটোরিকশাটি বিক্রি করে দেন এবং তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চলে যান। পরদিন চলে যান ঢাকায়।
কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, হত্যার পর খুনিরা শরিফের মুঠোফোন নিয়ে যান। ওই ফোন উদ্ধার হয়েছে। খুনিদের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া যায় নিলয়ের পায়ের জুতা।
শরিফের ভাই শিপন মিয়া বলেন, ‘খুনিরা আমার ভাইয়ের বন্ধু ছিলেন। সময় সময় বাড়িতে আসা–যাওয়া করতেন। সামান্য কারণে খুন করতে পারেন, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’