উখিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নুরুল আমিন ওরফে ভুট্টোকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ব্যাগভর্তি ইয়াবা নিয়ে কক্সবাজার শহরের দিকে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নুরুল আমিন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠার করইবুনিয়া গ্রামের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নুরুল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও উখিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি মিয়ানমার থেকে চোরাইপথে ইয়াবার চালান এনে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে মজুত করেন। তারপর ছোট ছোট চালানে ইয়াবা ভাগ করে আশ্রয়শিবির থেকে বের করে উখিয়ার ঘরবাড়িতে রাখেন। সেখান থেকে ইয়াবা সরবরাহ হয় কক্সবাজার শহর, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। রোববার ভোরে ৫০ হাজার ইয়াবা বড়ি চালান করতে চাকবৈঠার করইবুনিয়া গ্রামে থেকে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ আলী আরও বলেন, চার মাস আগে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন নুরুল আমিন। বের হয়ে আবার মাদক চোরাচালানে জড়িয়ে পড়েন। উখিয়া থানায় নুরুল আমিনের বিরুদ্ধে মাদকের ছয়টিসহ মোট আটটি মামলা রয়েছে। রোববারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।