
সুনামগঞ্জের দিরাইয়ে ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ উল্লেখ করে নারী শিল্পীদের নিয়ে একাংশের আপত্তিতে বাউলগানের আসর বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে সীমিত পরিসরে গানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে এ আয়োজন করা হয়। হাতিয়া গ্রামের পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামেই প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী মেয়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ছোট পরিসরে বাউলগানের আয়োজন করেছিলেন। সেখানে স্থানীয় দুই নারী শিল্পীর গান গাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার স্থানীয় দুজন বাসিন্দা নারীদের গান নিয়ে আপত্তি তুলে আয়োজন বন্ধ করার জন্য দিরাই থানায় আবেদন করেন। থানা–পুলিশ শওকত আলীর সঙ্গে কথা বললে ‘গান হবে না’ বলে ঘোষণা দেওয়া হয়। অবশ্য শেষ পর্যন্ত গতকাল রাতে সীমিত পরিসরে গান হয়েছে।
এ বিষয়ে কথা বলতে শুক্রবার দুপুরে শওকত আলীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
স্থানীয় বাসিন্দা ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি ছোটকাল থেকে দেখেছি, ওই প্রবাসী দেশে এলে বাড়িতে গানের আসর করেন। তিনি সৌখিন মানুষ। বৃহস্পতিবার দিনের বেলা শুনছিলাম, গান হবে না। এখন শুনছি রাতে নাকি সেখানে কিছু সময় গান হয়েছে।’
গান বন্ধের জন্য থানায় যে দুজন আবেদন করেছিলেন, তাঁদেরই একজন হাতিয়া গ্রামের বাসিন্দা কামরুল হাসান। শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে তাঁদের অভিযোগ ছিল না। তাঁরা চেয়েছিলেন, নারী শিল্পীদের বিষয়টি যেভাবে প্রচার করা হয়েছে, সেটা যেন না হয়। থানায় আবেদন করার পর আয়োজক ও পুলিশ তাঁদের জানিয়েছিল, গান হবে না।
কামরুল হাসান বলেন, ‘রাত সাড়ে ১১টায় গান শুরু হয়। আমরা পুলিশকে জানিয়েছি। রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু পুলিশ আসেনি। অবশ্য দিরাই সদর থেকে আমাদের এলাকা অন্তত তিন ঘণ্টার পথ। পরে আমরাই পুলিশকে বলেছি, আর আসার দরকার নাই।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শুক্রবার বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, এলাকাটি দুর্গম। বৃহস্পতিবার আয়োজক শওকত আলীর সঙ্গে কথা বলার পর তিনিই জানিয়েছিলেন, যেহেতু বিষয়টি নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, তাই সেটি হবে না। এখন শুনেছেন, রাতে কিছুক্ষণ সেখানে গানের অনুষ্ঠান হয়েছে। এ বিষয়ে কথা বলতে শওকত আলী ও তাঁর এক আত্মীয়ের নম্বরে কল করলেও কেউই এখন ফোন ধরছেন না।
এর আগে ‘দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র বাধার মুখে দিরাই উপজেলা সদরের স্টেডিয়ামে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করতে হয়েছিল। ৫ অক্টোবর স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।