চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দরের ছয় বার্থে অপারেটর নিয়োগে নতুন দরপত্র আহ্বানের উদ্যোগ

চট্টগ্রাম বন্দরে ছয় বার্থে অপারেটর নিয়োগের দরপত্র প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন হয়নি। এখন নতুন করে আহ্বান করা হবে। এ জন্য গতকাল বুধবার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ বা জিসিবির ছয়টি বার্থে জাহাজ থেকে পণ্য ওঠানো–নামানোর জন্য অপারেটর নিয়োগের দরপত্রে ১২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। দরপত্র মূল্যায়ন কমিটি ছয়টি প্রতিষ্ঠানকে (প্রতিটি বার্থে একটি করে) নিয়োগের সুপারিশ করে। ছয়টি প্রতিষ্ঠান আলাদাভাবে মোট ২৬৪ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল।

২২ জুলাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব তোলা হয়। তবে প্রস্তাবটি অনুমোদন হয়নি। বরং নতুন করে দরপত্র আহ্বানের জন্য ফেরত পাঠানো হয়। এরপর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয় দরপত্রটি পর্যালোচনা করে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ প্রদানের জন্য একটি কমিটি গঠন করে। ২৯ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস আদেশে কমিটি গঠন করা হয়।

সাত সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রীকে। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বন্দরের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে সদস্য করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিম প্রথম আলোকে বলেন, জিসিবির দরপত্র নিয়ে সরকারি সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো চিঠি বন্দরে আসেনি। চিঠি পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।