জমি নিয়ে বিরোধের জেরে রাজবাড়ীর পাংশা পৌরসভার ঢেঁকিপাড়া গ্রামে এক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। গতকাল সোমবার
জমি নিয়ে বিরোধের জেরে রাজবাড়ীর পাংশা পৌরসভার ঢেঁকিপাড়া গ্রামে এক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। গতকাল সোমবার

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের চারটি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামে ব্যবসায়ী আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আমিরুল গতকাল রাতে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে অন্তত ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

গতকাল রাত ১০টার দিকে থানায় অবস্থানকালে আমিরুল ইসলাম বলেন, মা সুন্দরী বেগমের বাবার বাড়ির প্রায় ১৪ শতাংশ শরিকানা জমি নিয়ে তাঁর ভাইদের সঙ্গে বিরোধ চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন।

ভুক্তভোগী পরিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মঈনুল ইসলাম, ওসি, পাংশা মডেল থানা

আমিরুল ইসলামের ভাষ্য, গতকাল সকাল ১০টার দিকে তাঁর নানাবাড়ির দিকের স্বজন মাজেদ শেখ ও তাঁর ছেলেরা লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেন। তিনি বাইরে ছিলেন। তাঁর স্ত্রী সন্তান নিয়ে স্কুলে গিয়েছিলেন। বাড়িতে শুধু তাঁর বৃদ্ধ মা ছিলেন। তাঁরা তাঁর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আধা পাকা ঘরসহ চারটি ঘর ও টয়লেট ভাঙচুর করেন। ঘর থেকে তিনটি সোনার চেইন, প্রায় ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করেন।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।