পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধরের শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ওই দুজনের কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে—এমন গুজব ছড়িয়ে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই দুই পুলিশ কর্মকর্তা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত ব্যক্তিরা হলেন, তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও তুহিন খান। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল দুপুরে ভজনপুর ইউনিয়নের সংগঠন-মুর্খাজোত এলাকায় সাদা পোশাকে মোটরসাইকেলে করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য তথ্য সংগ্রহ করতে যান এসএসআই সোহেল রানা ও তুহিন খান। এ সময় ওই গ্রামের সড়ক দিয়ে একটি ট্রাক্টরের ইঞ্জিন নিয়ে যাচ্ছিলেন চালকসহ কয়েকজন। তখন হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিনটি উল্টে যায় এবং ইঞ্জিনের ওপরে থাকা লোকজন নিচে পড়ে যান।
এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে ওই দুই পুলিশ কর্মকর্তাও উল্টে যাওয়া ট্রাক্টর উদ্ধার করতে যান। এ সময় পুলিশের কারণে ট্রাক্টরটি উল্টে গেছে বলে গুজব তুলে ওই দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে একদল লোক। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা থেকে পুলিশ সদস্যরা সেখানে যান। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উল্টে যাওয়া ট্রাক্টর উদ্ধারের সময় কিছু লোক ওই দুই পুলিশ কর্মকর্তার কারণে ট্রাক্টরটি উল্টে গেছে এমন গুজব ছড়ান এবং তাঁদের ওপর হামলা করা হয় । তাঁরা দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাঁদের শরীরে মারধরের আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া প্রক্রিয়াধীন আছে।