
জয়পুরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত ভ্যানে থাকা গ্রাম পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর নাম হামিদুল ইসলাম (৪৫)।
আজ রোববার বেলা দেড়টায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকার মাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদুল ইসলাম কালাই উপজেলার দক্ষিণ পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার আহাম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ পদে কর্মরত ছিলেন। ওই ইউপির চেয়ারম্যান আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম পুলিশ হামিদুল ইসলাম ব্যাটারিচালিত ভ্যানে করে ইট কিনতে ভাটায় যাচ্ছিলেন। বেলা একটার দিকে ভ্যানটি পাকার মাথা মোড়ে পৌঁছালে আক্কেলপুরগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়।
এর ফলে হামিদুল ইসলাম ছিটকে সড়কের ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি।