জামালপুরে পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড

পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। আজ শনিবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

পুলিশি বাধায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। আজ শনিবার বেলা একটার দিকে জামালপুর শহরের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মো. ফিরোজ মিয়ার নির্দেশে এবং শহর যুবদলের সদস্যসচিব জিয়াউল হক জিয়ার নেতৃত্বে শহরের মুসলিমাবাদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের সময় শহরের সকাল বাজার এলাকার বড় মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে যুবদলের নেতা-কর্মীরা মিছিল ভেঙে সেখান থেকে চলে যান।

পুলিশি বাধায় যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। আজ শনিবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজার এলাকায়

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, কোথাও মিছিলে বাধা দেওয়া হয়নি। তাঁরা মিছিল করেছেন। পুলিশ দেখেই ব্যানার গুটিয়ে তাঁরা চলে যান। সেখানে তাঁদের কোনো বাধা দেওয়া হয়নি।
মিছিলের আগে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শহর যুবদলের সদস্যসচিব জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, শহর যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ ফিরোজ প্রমুখ।

সদস্যসচিব জিয়াউল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সকাল বাজার এলাকার সামনে পুলিশ বাধা দিলে পণ্ড হয়ে যায়।