কয়রা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ১০

চিকিৎসক–সংকট, শয্যাসংকট

২৯ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র পাঁচজন। ৩১ শয্যার পুরোনো ভবন ভেঙে ফেলায় ১৯ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালাতে হচ্ছে।

শয্যাসংকটে নারী ও পুরুষ রোগীকে বারান্দায় পাশাপাশি থাকতে হচ্ছে। ৪ মে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক–সংকট প্রকট আকার ধারণ করেছে। ২৯ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র পাঁচজন। এর মধ্যে একজন অধিকাংশ দিনই আসেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে শয্যাসংকটও। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার পুরোনো দোতলা ভবন ভেঙে ফেলায় ১৯ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালাতে হচ্ছে। নির্মাণাধীন ভবনের কাজ চলছে ধীরগতিতে। ফলে হাসপাতালের বারান্দা-মেঝেতে রাখা হচ্ছে রোগীদের।

এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনের চিত্র এটি। চিকিৎসকের পাশাপাশি অন্যান্য পদেও জনবল–ঘাটতি রয়েছে। তিনজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) ও দুজন আয়া পদের সব কটিই শূন্য। তিনজন ওয়ার্ডবয়ের পদে কাজ করেন মাত্র একজন। এক্স-রে ও আলট্রাসনোগ্রাম যন্ত্র থাকলেও টেকনোলজিস্ট না থাকায় তা বাক্সবন্দী। নষ্ট হয়ে পড়ে আছে অস্ত্রোপচারকক্ষের চেতনানাশক যন্ত্রটিও। এ ছাড়া মেরামতের অভাবে ব্যবহার করা যাচ্ছে না একটি করে অ্যানেসথেশিয়া যন্ত্র, নেবুলাইজার যন্ত্রসহ কয়েকটি যন্ত্রপাতি। ডেন্টাল ও ল্যাব টেকনোলজিস্ট না থাকায় রোগনির্ণয় পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য এসে অনেককে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দরিদ্র রোগীরা। এভাবেই দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তিন লক্ষাধিক মানুষের এ উপজেলার প্রধান সরকারি হাসপাতাল।

৬ মে সকাল ১০টার দিকে সরেজমিনে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, ভেঙে ফেলা ভবনের স্থানে নতুন ভবনের নির্মাণের জন্য রড-সিমেন্ট রাখা হয়েছে। ১৯ শয্যার অপর ভবনটিতে পুরুষ ও নারী রোগীদের পৃথক কোনো ওয়ার্ড নেই। তাঁদের একই ওয়ার্ডে পাশাপাশি রাখা হয়েছে। শয্যা না পেয়ে বেশির ভাগ রোগী ও তাঁদের স্বজনেরা রয়েছেন বারান্দা ও মেঝেতে। হাসপাতালের ভেতরে মোটামুটি পরিষ্কার থাকলেও বাইরে ছড়িয়ে–ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। এদিকে কক্ষসংকটের কারণে হাসপাতালের প্যাথলজি বিভাগও বন্ধ রয়েছে। বহির্বিভাগেও রোগীদের চাপও অনেক বেশি। স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা না থাকায় অনেক রোগীর স্বজনেরা কমপ্লেক্সের বাইরের এলাকা থেকে বোতলে পানি ভরে আনছেন।

এখানে যোগদানের পরই সবাই অন্যত্র বদলি হওয়ার তদবিরে ব্যস্ত হয়ে পড়েন। যে কারণে হাসপাতালটির চিকিৎসক–সংকট কাটে না। এ ছাড়া গাইনি চিকিৎসক প্রতিদিন না বসায় জরুরি প্রসূতিসেবার বিঘ্ন ঘটে।
বিদেশ রঞ্জন মৃধা, সভাপতি, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজিত কুমার বৈদ্য বলেন, একটি ভবন ভেঙে ফেলায় বর্তমানে মাত্র ১৯ শয্যায় চিকিৎসাসেবা দিতে হচ্ছে। প্রতিদিন ৪৫ জনের বেশি রোগী ভর্তি থাকেন। বাধ্য হয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হয় রোগীদের। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন তিন শতাধিক রোগী। হাসপাতালের ভবন নির্মাণে ধীরগতির কারণে একটু সমস্যা হচ্ছে।

কয়রার মহারাজপুর এলাকা থেকে আসা রোগী আবুল কালাম বলেন, ‘হাঁটুতে চোট পেয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। এখানকার চিকিৎসা ভালো। তবে যন্ত্রপাতি নেই। এক্স-রে মেশিন বন্ধ থাকায় চোটের অবস্থা বোঝা যাচ্ছে না। এ জন্য এক্স-রে করাতে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি। বাইরের ডায়াগনস্টিক সেন্টারে খরচ কয়েক গুণ বেশি। আমাদের মতো গরিব রোগীদের সমস্যা হয়।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী বলেন, এখানে কেবল প্রাথমিক চিকিৎসা পাওয়া সম্ভব। যেকোনো বড় রোগের কথা শোনামাত্রই হাসপাতাল কর্তৃপক্ষ খুলনা শহরে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা তৌহিদুর রহমান অভিযোগ করে বলেন, এখানে নারীদের জন্য সার্বক্ষণিক গাইনি চিকিৎসক থাকে না। কাগজে-কলমে একজন গাইনি চিকিৎসকের নাম থাকলেও তিনি সপ্তাহে এক দিন হাসপাতালে আসেন। এতে বেশি ভোগান্তির শিকার হন প্রসূতি নারীরা। এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় রোগীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ভবন। একটি ৩১ শয্যা ও অন্যটি ১৯ শয্যাবিশিষ্ট। গত বছর ৩১ শয্যাবিশিষ্ট ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনুমতি নিয়ে তা ভেঙে ফেলা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর ৯ কোটি ৭৬ লাখ টাকা চুক্তিমূল্যে এসএ-জেটি (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাইয়ে কাজ শেষ করার কথা।

স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আবদুল হাকিম বলেন, আট মাস পেরিয়ে গেলেও এখনো ভবন নির্মাণের প্রাথমিক কাজও হয়নি। কেবল নির্মাণসামগ্রী নিয়ে আসছেন ঠিকাদার।

শূন্য পদ পূরণ হবে কবে

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন মাত্র ৭ জন। এর মধ্যে দুজন নারী চিকিৎসা কর্মকর্তা ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে সংযুক্ত হয়েছেন। বাকি পাঁচজনের মধ্যে গাইনি চিকিৎসক ফাতিমা জহুরা সপ্তাহে এক-দুই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা দেন। বেশির ভাগ সময় তিনি খুলনায় থাকেন। চক্ষু, সার্জারি, মেডিসিন, শিশু, চর্ম, অর্থোপেডিকস, কার্ডিও, ইনডোর মেডিকেল কর্মকর্তা, ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা, প্যাথোলজিস্ট, অ্যানেসথেটিস্ট, ডেন্টাল সার্জনসহ ২২টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে।

হাসপাতালের তিনটি মেডিকেল টেকনোলজিস্ট পদের সব কটিই শূন্য। নেই ফিজিওথেরাপিস্ট, কার্ডিওগ্রাফার, কম্পাউন্ডার, ল্যাব অ্যাটেনডেন্ট, ওটিবয় ও আয়া। চতুর্থ শ্রেণির ২৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৮ জন। বাকি ১৫টি পদ দীর্ঘদিন থেকে শূন্য।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, কয়রা উপজেলাটি প্রত্যন্ত এলাকা হওয়ায় এখানে যোগদানের পরই সবাই অন্যত্র বদলি হওয়ার তদবিরে ব্যস্ত হয়ে পড়েন। যে কারণে হাসপাতালটির চিকিৎসক–সংকট কাটে না। এ ছাড়া গাইনি চিকিৎসক প্রতিদিন না বসায় জরুরি প্রসূতিসেবার বিঘ্ন ঘটে। অতিদ্রুত শূন্য পদগুলো পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘গাইনি চিকিৎসক ফাতিমা জহুরাকে নিয়মিত হাসপাতালে থাকতে বলা হয়েছে। তবে এখানে চিকিৎসকদের আবাসিক ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নারী চিকিৎসকদের জন্য একটু কঠিন। এ ছাড়া শূন্য পদে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। চিকিৎসক না থাকলে সেবায় ব্যাঘাত ঘটে। ইচ্ছা থাকলেও পুরোদমে রোগীদের পাশে থাকা যায় না। তবে আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করি। ভবন নির্মাণকাজ শেষ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’