লিবিয়ায় ‘মানব পাচার চক্রের’ চারজনকে যশোরে গ্রেপ্তার

শিশু ও মানবপাচার
প্রতীকী ছবি

লিবিয়ায় মানব পাচারকারীদের একটি চক্রের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোরের তদন্ত দল। গতকাল রোববার রাতে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পিবিআই দাবি করেছে, লিবিয়ায় জিম্মি হওয়া নড়াইলের দুই যুবকের সন্ধান করতে গিয়ে সংস্থাটি এই চক্রের সন্ধান পেয়েছে। রকিবুল ইসলাম ফরাজী নামের চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য পায় পিবিআই। রকিবুল ২৬ বছর ধরে লিবিয়ায় অবস্থান করে মানব পাচার চক্রটি গড়ে তুলেছিলেন। তাঁর বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে। এ ছাড়া তাঁর সহযোগী হিসেবে মানব পাচারের এই মামলায় যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রামের হাফিজা বেগম (৫৫) এবং তাঁর দুই মেয়ে শিরিনা আক্তার (৩৫) ও সুমনা আক্তারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিবিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নড়াইলের কালিয়া উপজেলার এক ব্যক্তি তাঁর ছেলে ও গ্রামের এক ছেলেকে লিবিয়ায় অপহরণের অভিযোগে গত ২২ মে নড়াইল মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন। ওই মামলার তদন্তের দায়িত্ব পান পিবিআই যশোরের উপপরিদর্শক হাবিবুর রহমান। তদন্তে তিনি এই অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রকিবুল ইসলাম ফরাজীর সংশ্লিষ্টতা পান।

তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, তদন্তে দেখা যায়, গ্রেপ্তার দুই নারী আসামির ইসলামী ব্যাংকের হিসাবে শুধু গত মার্চ মাসেই ৪ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজা ও শিরিনা স্বীকার করেছেন, ওই টাকা রকিবুল ইসলাম ফরাজীর। গত শনিবার অভিযুক্ত চারজনকে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেওয়া হলে অভিযুক্ত ব্যক্তিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।