
স্বামীর মরদেহ আটকে রেখে স্ত্রীর কাছ থেকে স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন নিহত ব্যক্তির স্ত্রী নাজমা আক্তার। আদালত লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বাঙ্গাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, একই এলাকার আলতাফ হোসেন, মহিবুল্লাহ ও কাজী আরিফ হোসেন।
মামলার আরজিতে বলা হয়, প্রবাসী বেল্লাল হোসেন গত ১ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে কাতারে মারা যান। চার দিন পর ৫ ডিসেম্বর তাঁর মরদেহ দেশে আনা হয়। তাঁর বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায়। অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বেল্লালের ব্যবসায়িক সম্পর্ক ছিল। পরে ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে তাঁদের সঙ্গে মনোমালিন্য হয়। বেল্লাল কাতারে চাকরির উদ্দেশ্যে চলে যান। তাঁর মরদেহ দেশে আনলে টাকা পাওনার কথা বলে দাফনে বাধা দেন অভিযুক্ত ব্যক্তিরা। কোনোভাবেই তাঁরা মরদেহ দাফন করতে দিচ্ছিলেন না। একপর্যায়ে তাঁরা বেল্লালের স্ত্রীর কাছ থেকে ৩০০ টাকার অলিখিত নন–জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেন। পরে এ নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসা হয়। সেখানে হিসাব করে দেখা যায়, তাঁরা কোনো টাকা পাবেন না। উল্টো তাঁদের কাছে বেল্লাল ৪১ লাখ টাকা পাওনা আছেন।
নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘টাকার জন্য মৃত মানুষের লাশ আটকে রাখা হয়েছে। স্বামীর মরদেহ দাফনের জন্য সব প্রস্তুতি নিলেও তাঁরা তিন-চার ঘণ্টা আটকে রাখেন। তখন বাধ্য হয়ে আমি অলিখিত স্ট্যাম্পে সই করি।’
অভিযুক্ত ব্যক্তিদের একজন বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘ব্যবসার কথা বলে টাকা ধার নেন বেল্লাল। ওই টাকা পরিশোধ না করেই তিনি বিদেশে চলে যান। বেল্লাল ও পাওনাদার ব্যক্তিরা সবাই আমার ইউনিয়নের বাসিন্দা। টাকার জন্য লাশ আটকে রাখলে, আমি বিষয়টি সমঝোতা করার চেষ্টা করি।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, আদালতের আদেশ পাওয়ার পর তদন্ত শুরু হবে।