পোনার বেশির ভাগই ধরা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে। সূক্ষ্ম জালে গোলাকৃতি বা চারকোনার রড পরিয়ে এই ফাঁদ তৈরি করা হয়।
পাবনার বেড়া উপজেলায় বোয়াল, রুই, কাতলা, রিঠাসহ বিভিন্ন দেশি মাছের পোনা শিকার করে বাজারে প্রকাশ্যে বিক্রি চলছে। এসব পোনার বেশির ভাগই ধরা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি দিয়ে।
এই জাল দিয়ে পোনা থেকে শুরু করে বিভিন্ন আকারের মাছ ধরায় উপজেলার নদী ও অন্য প্রাকৃতিক জলাশয় মাছশূন্য হয়ে পড়ছে। বাজারে পোনা বা ছোট আকারের দেশি মাছ মিললেও স্বাভাবিক আকারের দেশি মাছ মিলছে না বললেই চলে।
মৎস্যজীবী ও মৎস্য কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেড়াসহ সারা দেশে চায়না দুয়ারির ব্যবহার শুরু হয় বছর পাঁচেক আগে। শুরুতে এই জাল চীন থেকে আমদানি করার কারণে এর নাম দেওয়া হয় চায়না দুয়ারি। তবে এখন এ ধরনের জাল দেশেই তৈরি হচ্ছে। সূক্ষ্ম জালে গোলাকৃতি বা চারকোনার রড পরিয়ে খোপ খোপ করে বিশেষ ধরনের ফাঁদ তৈরির মাধ্যমে এটি তৈরি করা হয়। এই ফাঁদ উচ্চতায় দেড় থেকে ২ ফুট এবং লম্বায় ৬০ থেকে ১০০ ফুট পর্যন্ত হয়ে থাকে।
অল্প বা গভীর, যেকোনো পানিতে এই ফাঁদ পেতে রাখলে তাতে বড় মাছ, মাছের পোনা, এমনকি ডিম পর্যন্ত ধরা পড়ে। দ্রুত এই জাল মাছশিকারিদের মধ্যে জনপ্রিয়তা পায়। তবে মাছের জন্য মারাত্মক হুমকি হওয়ায় মৎস্য অধিদপ্তর এই জাল নিষিদ্ধ ঘোষণা করেছে।
নিষিদ্ধ হলেও বেড়া উপজেলার প্রতিটি জালের দোকানেই এই জাল বিক্রি হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হয়। ফলে এগুলো বিক্রি হয় কিছুটা রাখঢাক করে। অবৈধ জাল ব্যবসায়ীরা ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন পরিবহন সংস্থার মাধ্যমে এই জাল বেড়ায় এনে বিক্রি করছেন। গত ৫ জুলাই বেড়া উপজেলা প্রশাসন পৌর এলাকার সওদাগর কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা ১২ লাখ টাকা দামের ১০ বস্তা চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেয়। এর আগে ১৯ জুন বেড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে সাঁথিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা দামের এই জাল জব্দ করে পুড়িয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া বাজারের চার-পাঁচজন জাল ব্যবসায়ী বলেন, শুধু বেড়া বাজারেই ১৫টির মতো জালের দোকান রয়েছে। এসব দোকানে একসময় কারেন্ট জাল বিক্রি হতো। এখন চায়না দুয়ারি বিক্রি হচ্ছে বেশি। ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে দামদর ঠিক করার পর আড়ালে থাকা জায়গা থেকে নিষিদ্ধ এই জাল এনে বিক্রি করে থাকেন।
সরেজমিনে দেখা গেছে, বেড়া বাজার ছাড়াও উপজেলার মোহনগঞ্জ, রাকশা, আমিনপুর, নাকালিয়াসহ উপজেলাজুড়ে অর্ধশতাধিক জালের দোকান রয়েছে। আর এসব দোকানের প্রতিটিতেই সবচেয়ে বেশি যে জাল বিক্রি হচ্ছে তা হলো চায়না দুয়ারি।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে বেড়া উপজেলায় আটটি নদ-নদীসহ প্রচুর প্রাকৃতিক খাল-বিল রয়েছে। এসব জলাশয় একসময় মাছে ভরপুর থাকলেও এখন তা অনেকটাই কমে গেছে। এরপরও অবশিষ্ট যা আছে, শত শত চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে। স্বাভাবিক আকারের দেশি মাছ কমে যাওয়ায় নিষিদ্ধ এই জালে পোনা ও ছোট আকারের, এমনকি মাছের ডিম পর্যন্ত ধরা পড়ছে। মাছশিকারিরা এসব পোনা বাজারে ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
বেড়া বাজারে বিভিন্ন জাতের দেশি মাছের পোনা বিক্রির জন্য এনেছিলেন শাহজাদপুর উপজেলার ধুনাইল গ্রামের হাসান আলী। তিনি জানান, হুরাসাগর নদের বিভিন্ন জায়গায় কয়েক শ চায়না দুয়ারি জাল পেতে রাখা আছে। স্বাভাবিক আকারের মাছ নদীতে খুব একটা নেই। জালে প্রচুর পোনা মাছ ধরা পড়ছে। তিনি সেসব মাছ কিনে এনে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। চায়না দুয়ারির কারণে নদীতে বড় মাছ পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
বাজারে এক থেকে ছয় ইঞ্চি মাপের ঝাঁকাভর্তি বোয়াল মাছের পোনা এনেছিলেন আসাদ নামের এক মাছ ব্যবসায়ী। তিনি জানান, কয়েক দিন হলো চায়না দুয়ারি জালে এ ধরনের বোয়ালের পোনা ধরা পড়ছে প্রচুর। তিনি মাছশিকারিদের কাছ থেকে কিনে এনে সেগুলো বিক্রি করছেন।
বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, নদী ও খাল-বিল অধ্যুষিত বেড়া উপজেলা দেশি মাছের জন্য প্রসিদ্ধ ছিল। অথচ চায়না দুয়ারির জন্য দেশি মাছ প্রায় হারিয়েই গেছে। বাজারে পোনা মাছ এনে অবাধে বিক্রি করা হচ্ছে।
বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘চায়না দুয়ারির কারণে দেশি মাছ হারিয়ে যেতে বসেছে। অফিসে লোকবল কম। এর মধ্যে বেশ কিছু অভিযান চালিয়ে এই জাল জব্দ করেছি। এই জাল ব্যবহারকারীরাও খুব ধুরন্ধর। এ জন্য এলাকাবাসীরও তাঁদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের তথ্য দিতে হবে।’
ইউএনও সবুর আলী বলেন, ‘নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে আমরা সব সময়ই তৎপর। আমাদের অভিযান অব্যাহত আছে ও থাকবে।’