
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে শতাধিক যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস কাজী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও আছে। সংসদ সদস্য ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে আছে চারটি বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক।
দুর্ঘটনায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস কাজী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্যসচিব মো. বদরুজ্জামান এজাজ প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়িতে ছিলেন ইলিয়াস। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।