গাইবান্ধায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাহমুদুর রহমান
ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের কটূক্তির অভিযোগে গাইবান্ধা যুবলীগের নেতার করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মেহেদী হাসান এ পরোয়ানা জারি করেন।

২০১৭ সালের ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলি আদালতে মাহমুদুর রহমানকে আসামি করে মামলাটিকে করেছিলেন জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান। বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকী ও তাঁর পরিবার নিয়ে মিথ্যাচার করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেন। এ ছাড়া সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলায় আরও কয়েকটি অভিযোগ করেন যুবলীগের নেতা শাহীদ হাসান।