মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে বন্দরের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর মো. শফিকুল ইসলাম সরকার সভায় দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নতুন চেয়ারম্যানকে বন্দরের চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে জানানো হয়। এ সময় রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ বন্দরের সার্বিক উন্নয়ন, কার্যক্রমের গতি বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসনিক কার্যক্রমে জটিলতা কমানো গেলে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং দলগতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত মতবিনিময় সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মোংলা বন্দরে যোগদানের আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিন দশকের বেশি সময়ের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ দায়িত্ব পালন করেছেন। তিনি ফ্রিগেট বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন ও বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেন।