১৯৮৮ সালে প্রথম এই ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন সাইফুল ইসলাম। এর পর থেকে ছয়টি নির্বাচনেই জয়লাভ করেন।

কারও সঙ্গে দেখা হলে হাসিমুখে কুশল বিনিময় করেন। কেউ সমস্যার কথা জানালে সমাধানের চেষ্টা করেন। মহল্লার ড্রেনগুলো পরিষ্কার আছে কি না, সড়কের বিদ্যুতের বাতিগুলো জ্বলছে কি না, এসব নিয়মিত তদারক করেন। এসব কারণে ঝিনাইদহ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটারেরা সাইফুল ইসলাম ওরফে মধুকে (৬০) বারবার কাউন্সিলর নির্বাচন করেন। এলাকার মানুষের কাছে তিনি মধু কমিশনার হিসেবে পরিচিত।
১৯৮৮ সালে প্রথম এই ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন সাইফুল ইসলাম। এরপর থেকে ছয়টি নির্বাচনেই জয়লাভ করেন। এভাবে ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি তিনি। ১১ সেপ্টেম্বরের নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন সাইফুল ইসলাম। তাঁর পাঁচ জন প্রতিদ্বন্দ্বী মিলে যেখানে ভোট পেয়েছেন ২ হাজার ৫৪৮টি, সেখানে তিনি একা পেয়েছেন ২ হাজার ২৮০ ভোট।
সাইফুল ইসলামকে প্রয়োজনের সময় ডেকে পাওয়া যায়নি এমনটা কখনো ঘটেনি বলে জানান ৫ নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়ার বাসিন্দা আবু জাফর। তিনি বলেন, মধু কমিশনার সবার কথা শোনেন। এলাকার সবাইকে সমানভাবে দেখেন।
১৯৮৮ সালের নির্বাচনে থেকে সাইফুল ইসলামের সঙ্গে আছেন ব্যাপারীপাড়ার আবদুর রহিম। তিনি প্রথম আলোকে বলেন, ‘সেই সময়ে মধু ছিলেন একজন যুবক। তাঁর কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে বারবার তাঁকে প্রার্থী করেছি। একজন সৎ ও ভালো মানুষ হওয়ায় তিনি কখনো পরাজিত হননি। এত বছর পরেও মনে হয়, আমাদের সিদ্ধান্ত সঠিক।’
হাসপাতালে রোগী নেওয়া, ঈদের সময় সবার খোঁজ রাখা—সবই করেন তিনি। যে কারণে বারবার কমিশনার নির্বাচিত হচ্ছেন।হাবিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
সাইফুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি বলেন, ‘নিজ উদ্যোগেই মানুষের জন্য কাজ করি। পরিবারে স্ত্রী নিলুফার ইয়াসমিন, ছেলে রিফাত উল্লাহ (২৬) ও মেয়ে নিহা (১০) রয়েছে। ওরাও সহযোগিতা করে।’
৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকে দেখে আসছি মধু কমিশনারকে। তাঁর তুলনা তিনিই। পাড়ায় কারও কোনো সমস্যা হলে সবার আগে ছুটে আসেন। হাসপাতালে রোগী নেওয়া, ঈদের সময় সবার খোঁজ রাখা—সবই করেন তিনি। যে কারণে বারবার কমিশনার নির্বাচিত হচ্ছেন।’
ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার হাজী মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম ছয় ভাইয়ের মধ্যে দ্বিতীয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করতে না পারায় আর পড়ালেখা করেননি। সাইফুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার নেশা ছিল। কেউ বিপদ পড়লে পাশে দাঁড়াতেন। এভাবে কাজ করতে করতে একসময় এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর ১৯৮৮ সালে এলাকাবাসী তাঁকে নির্বাচনে দাঁড় করিয়ে দেন। সেই নির্বাচনে জয়ী হয়ে এলাকার মানুষের জন্য সাধ্যমতো করার চেষ্টা করেছেন। যে কারণে প্রতিবারই এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন।
পৌর কাউন্সিলর সমিতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম। এই জনপ্রতিনিধি বলেন, ব্যাপারীপাড়ায় তাঁর একটি দোতলা বাড়ি আছে। এর একটি অংশ ভাড়া দেন। আর পাগলাকানাই এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমি চাষ করে সংসার চলে। একটি বাইসাইকেল আছে, সেটি নিয়ে এলাকায় ঘুরে বেড়ান।
সাইফুল ইসলামের স্ত্রী নিলুফার ইয়াসমিন বলেন, একজন জনপ্রতিনিধির কাজে পরিবারের সদস্যদের সহযোগিতা থাকতে হয়। বাসায় নিয়মিত মানুষের আসা-যাওয়া থাকে। স্বামীর বিভিন্ন কাজে পাশে থাকার চেষ্টা করেন তিনি।
বাবার সঙ্গে এলাকার বিভিন্ন কাজে যোগ দেন একমাত্র ছেলে রিফাত উল্লাহ ওরফে মুন্না। তিনি বলেন, বাবার সঙ্গে গিয়ে মানুষের জন্য কিছু করতে ভালো লাগে। এভাবেই বুঝতে পেরেছেন, তাঁর বাবাকে সবাই কতটা ভালোবাসেন।
ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্ব পালনের সময়ও সাইফুল ইসলাম কাউন্সিলর ছিলেন। তাঁর সবচেয়ে বড় গুণ— মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। এ কারণে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হন সাইফুল ইসলাম।