জামালপুরে সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে রোদে পুড়ছেন এক নারী। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে
জামালপুরে সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে রোদে পুড়ছেন এক নারী। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে

দুই দেশের কেউ নিচ্ছে না, তিন দিন ধরে শূন্যরেখায় এক নারী

আশ্রয় বলতে কিছু খড়কুটার ওপর বিছানো একটি কম্বল। তার ওপর বসে আছেন ক্লান্ত-বিধ্বস্ত এক নারী। চারপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো এদিক, কখনো ওদিক যাওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। এভাবেই টানা তিন দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী।

ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। গত মঙ্গলবার সকাল থেকে আজ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। গত তিন দিন ধরে তীব্র রোদে খোলা মাঠে দিন কাটছে তাঁর।

আমরা সীমান্তের কাছাকাছি বসবাস করি। তিন দিন ধরে ওই নারী এসে এখানে আটকে রয়েছেন। তাঁর কথাবার্তার কোনো ঠিক-ঠিকানা নেই। তিনি মানসিকভাবে অসুস্থ বলে আমাদের মনে হচ্ছে। তিনি কোন দেশের বা কোন এলাকার মানুষ, তা-ও আমরা জানি না। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউই তাঁকে গ্রহণ করছে না। এ অবস্থায় আমরা স্থানীয় বাসিন্দারা খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি। তাঁর খাওয়াদাওয়ারও কোনো ব্যবস্থা নেই।
মো. বোরহান উদ্দিন, স্থানীয় বাসিন্দা

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই নারীর উত্তর ও দক্ষিণ পাশে ভারত এবং পশ্চিমে বাংলাদেশ। দুই দেশের সীমান্তের মাঝখানে একটি খোলা মাঠে কিছু খড়ের ওপর বিছানো কম্বলে বসে আছেন তিনি। পাশে পড়ে আছে কয়েকটি প্লাস্টিকের পানির বোতল। সামনে রয়েছে বিস্কুটের একটি প্যাকেট। তাঁকে বেশ আতঙ্কগ্রস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। মাঝেমধ্যে উঠে আশপাশে এদিক-সেদিক যাওয়ার চেষ্টা করছিলেন।

স্থানীয় লোকজনের ধারণা, ওই নারী মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তাঁর পরিচয় ও জাতীয়তা নিয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

টানা তিন দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন এই নারী

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পর থেকে ওই নারী দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ ওই নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির বাধার কারণে তা সম্ভব হয়নি। এর পর থেকে ওই নারী আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। গত তিন দিন ধরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা বারবার বলছে, ওই নারী তাদের দেশের নন। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে ওই নারীকে বিএসএফের সদস্যদের পুশ ইনের চেষ্টা করতে দেখা গেছে।

হাসানুর বলেন, ‘আমরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছি। ওপাশে বিএসএফও অবস্থান নিয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।’

এদিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় ওই নারী কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তিন দিন ধরে চলা এই অচলাবস্থায় খাবার ও আশ্রয়হীন অবস্থায় দিন কাটছে তাঁর। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে এভাবে অবস্থান করায় ওই নারীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় কয়েকজন মানবিক কারণে পানি ও বিস্কুট দিয়েছেন। কিন্তু তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। পাথরের চর এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ভাষ্য, গত মঙ্গলবার সকালে ভারতের বিএসএফ ওই নারীকে সীমান্তে নামিয়ে দেয়। বিষয়টি দেখে বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা বিজিবিকে জানান। বর্তমানে সীমান্তের এক পাশে বিএসএফ এবং অন্য পাশে বিজিবি মুখোমুখি অবস্থান করছে। টানা তিন দিন ধরে এই অচলাবস্থা চলছে। আটকে থাকা নারীটির কাছে খাবারের কোনো ব্যবস্থা নেই। স্থানীয় গ্রামের নারীরা মানবিক কারণে তাঁকে কিছু পানি ও বিস্কুট দিয়েছেন। কিন্তু তা খেয়ে বেঁচে থাকা সম্ভব নয়।

একই এলাকার বাসিন্দা মো. বোরহান উদ্দিন বলেন, ‘আমরা সীমান্তের কাছাকাছি বসবাস করি। তিন দিন ধরে ওই নারী এসে এখানে আটকে রয়েছেন। তাঁর কথাবার্তার কোনো ঠিক-ঠিকানা নেই। তিনি মানসিকভাবে অসুস্থ বলে আমাদের মনে হচ্ছে। তিনি কোন দেশের বা কোন এলাকার মানুষ, তা-ও আমরা জানি না। ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কেউই তাঁকে গ্রহণ করছে না। এ অবস্থায় আমরা স্থানীয় বাসিন্দারা খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি। তাঁর খাওয়াদাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এক পাশে বিজিবি এবং অন্য পাশে বিএসএফ পাহারা দিচ্ছে। শেষ পর্যন্ত এই নারীর কী হবে, তার কোনো সমাধান হচ্ছে না।’