
চলতি মৌসুমে টানা ৯ দিন ধরে কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন মধ্যরাত থেকে পরের দিন অনেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকছে। এতে উভয় ঘাটে আটকে পড়ছে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে গতকাল শনিবার রাত সাড়ে আটটা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝনদীতে আটকে পড়ে। সাড়ে ১১ ঘণ্টা পর আজ রোববার সকাল আটটার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টা পর আজ সকাল পৌনে আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘাট থেকে ছেড়ে যাওয়া শাহ পরান নামের রো রো ফেরি মাঝনদীতে আটকে ছিল।
কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কেরামত আলী, শাহ মখদুম, শাহ জালাল ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা নোঙর করে ছিল। একইভাবে পাটুরিয়া প্রান্তে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ইউটিলিটি ফেরি হাসনাহেনা, বনলতা ও চন্দ্রমল্লিকা নোঙর করে ছিল।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, চলতি মৌসুমে কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। একপর্যায়ে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে দুই নৌপথে ফেরি বন্ধ রাখা হয়। আজ সকালে ফেরি চলাচল স্বাভাবিক হয়।