শের-ই-বাংলা মেডিকেল

কবে হবে নেফ্রোলজি ওয়ার্ড

প্রতিদিনই শয্যার অনুকূলে আরও ১০-১৫ জনের আবেদন জমা থাকে। যন্ত্রের অভাবে ডায়ালাইসিস দেওয়া যায় না।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চলছে রোগীদের কিডনি ডায়ালাইসিসের কার্যক্রম। গত মঙ্গলবার সকালে
  ছবি: প্রথম আলো

বরিশাল বিভাগের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু প্রতিষ্ঠার ৫৩ বছর পরও এই হাসপাতালে স্বতন্ত্র নেফ্রোলজি ওয়ার্ড হয়নি। এতে কিডনি জটিলতার রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। 

এই হাসপাতালে বর্তমানে ১০টি ডায়ালাইসিস যন্ত্র থাকলেও রোগীর তুলনায় তা খুবই কম। গত ডিসেম্বরের শুরুতে আরও ১০টি ডায়ালাইসিস যন্ত্র এই হাসপাতালে এলেও জায়গার অভাবে তা স্থাপন করে চালু করা যাচ্ছে না।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা হয় ১৯৬৮ সালে। কিডনি রোগীদের জন্য নামমাত্র ইউরোলোজি ও নেফ্রোলজি বিভাগ রয়েছে। দীর্ঘদিন পার হলেও এ রোগের চিকিৎসায় স্বতন্ত্র কোনো ওয়ার্ড হয়নি। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর এই হাসপাতালে কিডনি রোগীদের চিকিৎসার জন্য দুটি হিমো ডায়ালাইসিস মেশিন, একটি ডিজিটাল রেডিওলজি (ডিআর) মেশিন, একটি পানিশোধন মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়। কিন্তু মেশিন চালুর পর তা হস্তান্তর না করায় ডায়ালাইসিস কার্যক্রম চালু হয়নি। পরে ২০১৬ সালে হিমো ডায়ালাইসিস যন্ত্র চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে যন্ত্রগুলো পড়ে থেকে অকেজো হয়ে যাওয়ায় এই চেষ্টা বিফল হয়।

এরপর ২০২০ সালের ১২ মে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ব্লকে নতুন করে যাত্রা শুরু করে কিডনি রোগীদের জন্য নেফ্রোলজি বিভাগ। ওই সময় বিভাগটিতে স্থাপন করা হয় ১০টি ডায়লাইসিস যন্ত্র। পৃথক ব্যয়ে আরও স্থাপন করা হয় পাঁচটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, অটোমেটিক ডাইলাইজার রিফ্রেশর মেশিন ও ১০টি ডায়ালাইসিস শয্যা। সেই থেকে ১০টি শয্যায় প্রতিদিন ২০ জন করে রোগীকে কিডনি ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে। তবে রোগী আসছে আরও বেশি। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। অনেক গুরুতর রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনই শয্যার অনুকূলে আরও ১০-১৫ জনের আবেদন জমা থাকে। যন্ত্রের অভাবে তাঁদের ডায়ালাইসিস দেওয়া যায় না। এ জন্য আরও ১০টি নতুন যন্ত্রের অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১০টি ডায়ালাইসিস মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি এই হাসপাতালে আসে। কিন্তু জায়গাস্বল্পতার কারণে এখনও সেগুলো চালু হয়নি। যন্ত্রগুলো প্যাকেটবন্দী অবস্থায় মালখানায় পড়ে আছে।

শুরু থেকে নেফ্রোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী রুমি। নেফ্রোলজি বিভাগের জ্যেষ্ঠ স্টাফ নার্স বিউটি বেগম বলেন, একজন রোগী প্রতি সপ্তাহে দুটি ডায়ালাইসিস পাচ্ছেন এই বিভাগে। সেই হিসাবে প্রতিদিন ২০জন রোগীকে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে। আর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষকে সেবা দেওয়া হয়েছে। এখানে সরকারি খরচ দিতে হয় মাত্র ৪০০ টাকা। আর ছয় মাসের প্যাকেজে ডায়ালাইসিস সেবা পেতে সরকারিভাবে জমা দিতে হয় ২০ হাজার টাকা। খরচ কম হওয়ায় এখানে কিডনি ডায়ালাইসিসের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। যন্ত্র থাকায় রোগীদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যাচ্ছে না। 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম বলেন, যেখানে বর্তমানে ডায়ালাইসিস কার্যক্রম চলামান, সেখানে আর কোনো মেশিন স্থাপন সম্ভব নয়। তাই নতুন ভবনে মেডিসিন বিভাগে এই কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনা চলছে।

স্বতন্ত্র নেফ্রোলজি ওয়ার্ড নেই

হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে ১০টি ডায়ালাইসিস যন্ত্র বসানো হয়েছে। তবে নেফ্রোলজি রোগীদের মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

 নেফ্রোলজি বিভাগের প্রধান মোহাম্মদ আলী রুমি বলেন, দক্ষিণাঞ্চলে এতো কম খরচে কিডনি ডায়লাইসিস শুধুম এই হাসপাতালেই হয়। এর বাইরে এই সেবা পেতে রোগীদের ছুটতে হয় ঢাকায়। সেখানে খরচ যেমন বেশি, ভোগান্তিও অনেক।

মোহাম্মদ আলী রুমি আরও বলেন, ‘পরিকল্পনা রয়েছে এখানে অন্তত ১০০ শয্যার একটি ডায়ালাইসিস ইউনিট চালুর। তবে প্রাথমিকভাবে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চাহিদাপত্র পাঠিয়েছি।