বজ্রপাতে মৃত্যু
বজ্রপাতে মৃত্যু

রানীনগরে বজ্রপাতে দাদা–নাতিসহ তিনজনের মৃত্যু

নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে দাদা–নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। দুই কৃষিশ্রমিক মাঠে ধান কাটতে ও এক যুবক মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়।

বজ্রপাতে মারা যাওয়া তিনজন হলেন উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দাদা–নাতি। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বজ্রপাতে তাঁদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে আক্কাস ফকির ও তারেক ফকির অন্যের জমিতে ধান কাটার কাজ শুরু করেন। দুপুর ১২টার দিকে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত হয়। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ ছাড়া দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হলে গুয়াতা আটনিতাপাড়া গ্রামের যুবক নয়ন তালুকদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে নয়ন তালুকদারের লাশ দেখতে পান। স্থানীয় লোকজন জানান, বজ্রপাতে যুবক নয়ন তালুকদারের মৃত্যু হয়েছে। তাঁর মাথার চুল ও পরনের কাপড় পোড়া অবস্থায় ছিল।