অনলাইন জুয়া
অনলাইন জুয়া

অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্ত, আত্মগোপনে গিয়ে নিজেই পরিবার থেকে মুক্তিপণ দাবি

অনলাইনে বিভিন্ন সাইটে জুয়া খেলতেন যুবক। এতে তাঁর ঋণ হয় প্রায় তিন লাখ টাকা। সেই ঋণ শোধ করতে পরিবারের কাছ থেকেই টাকা নেওয়ার পরিকল্পনা করেন তিনি। এরপর তিনি আত্মগোপনে চলে যান। পরে নিজের মুঠোফোন নম্বর থেকেই ভাইকে ফোন করে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে। তাঁকে জীবিত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

ওই যুবকের নাম মো. আরিফুর রহমান (২৯)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা এলাকার বাসিন্দা। তবে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ফুটপাতে একটি দোকান ছিল তাঁর। সেখানেই তিনি থাকতেন।

মুক্তিপণ চাওয়ার পর আরিফুরের বন্ধু আসাফ-উদ-দৌলা বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় অপহরণের মামলা করেন। এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে তাঁকে উদ্ধার করেছে র‍্যাব-৭।

র‍্যাব জানায়, গত বুধবার সন্ধ্যায় আরিফুর তাঁর এক বন্ধুকে দোকানে বসিয়ে রেখে বিকাশে টাকা ক্যাশ আউট করতে বের হন। এরপর আর দোকানে ফেরেননি। মুঠোফোনও বন্ধ করে দেন। গতকাল সকালে আরিফুরের নম্বর থেকেই একজন তাঁর ভাইয়ের মুঠোফোনে কল করে অপহরণের কথা জানান। ওই কলে আরিফুরকে জীবিত দেখতে চাইলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে বলা হয়।

এ ঘটনার পর আরিফুরের বন্ধু আসাফ-উদ-দৌলা বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুরের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে র‍্যাব। একপর্যায়ে তাঁর অবস্থান সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শনাক্ত হয়। সেখানে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

আরিফুরের বরাত দিয়ে র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। জুয়া খেলতে গিয়ে তাঁর প্রায় তিন লাখ টাকা ঋণ হয়। সেই ঋণ পরিশোধের জন্য পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি।

জানতে চাইলে র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আরিফুরকে উদ্ধারের পর সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। ঋণের টাকা শোধ করতে নিজেই আত্মগোপনে গিয়েছিলেন বলে র‍্যাবকে জানিয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, উদ্ধার করা আরিফুরকে রাজধানীর ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।