ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল পালকে বলা হয় ‘মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা’। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন শিক্ষার্থীদের। গত বছর ডিসেম্বরে তিনি অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে ৫০ কিলোমিটার পথ হাঁটেন। সে ধারাবাহিকতায় একই বার্তা নিয়ে এবার তিনি ৩০০ কিলোমিটার হাঁটছেন। ১ ডিসেম্বর শুরু হওয়া এ পদযাত্রা শেষ হবে ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবসে। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।

প্রথম আলো: এক বছর আগে অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে হেঁটেছেন ৫০ কিলোমিটার। এবার ৩০০ কিলোমিটার হাঁটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। একটু বিস্তারিত বলবেন?
বিমল পাল: একই উদ্দেশ্য। মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়া। বিশেষ করে এবার যাত্রাপথে বিভিন্ন স্কুল, মাদ্রাসা আর মানুষের জটলায় গিয়ে কথা বলছি। শিশুরা দারুণ অনুপ্রাণিত হচ্ছে।
প্রথম আলো: শিশুদের উদ্দেশ্যে কী বলেন?
বিমল পাল: তেমন কিছু না। দেখা গেল হাঁটার পথে কোনো স্কুল বা মাদ্রাসা পড়ল, আমি সেখানে যাই। নিজের পরিচয় আর উদ্দেশ্য বলি। এতে শিক্ষকেরা সহজেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অনুমতি দেন। শিশুদের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে প্রশ্ন করি। প্রশ্নের উত্তর পারুক বা না পারুক, আমি নিজের লেখা একটা বই উপহার দিই।
প্রথম আলো: পথে পথে কী ধরনের অভিজ্ঞতা হচ্ছে?
বিমল পাল: আমাকে দেখে মানুষ শুরুতে অবাক হয়, এই বয়সে হাঁটছি দেখে। পরে আমার উদ্দেশ্য বললে মানুষ কিছুটা স্বাভাবিক হয়। কিছুক্ষণ কথা বলার পর দেখা যায়, অনেকেই আমার সঙ্গে হাঁটতে চান। কেউ কেউ কিছু দূর হাঁটেনও। বিশেষ করে তরুণেরা কাজটি করছেন।
প্রথম আলো: প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটছেন?
বিমল পাল: গড়ে ৩০ কিলোমিটার করে। ভোরে শুরু করি। এরপর বেলা ১টার মধ্যে নতুন উপজেলায় পৌঁছে যাই। গোসল করে, খেয়েদেয়ে বিশ্রাম করি। বিকেলে বা সন্ধ্যায় স্থানীয় তরুণদের সঙ্গে কথা বলি। সন্ধ্যার পরপরই ঘুমিয়ে যাই।
প্রথম আলো: কারা সঙ্গে থাকছে?
বিমল পাল: তরুণ স্বেচ্ছাসেবীরা পালা করে আমার সঙ্গে থাকছেন। ময়মনসিংহের স্বেচ্ছাসেবীদের মধ্যে একটা যোগাযোগ আছে। দেখা যায়, আমি যে উপজেলায় যাই, সেখানকার স্বেচ্ছাসেবী তরুণেরা আমার সঙ্গে দেখা করেন। এ ছাড়া প্রত্যেক থানার পুলিশ এলাকা ভাগ করে করে আমার সঙ্গে থাকে। রাতে উপজেলার ডাকবাংলোতে থাকি। উপজেলা প্রশাসন আতিথেয়তা দেয়। তাদের প্রতি কৃতজ্ঞ।
প্রথম আলো: ৫০ কিলোমিটারের পর ৩০০ কিলোমিটার, এরপর…
বিমল পাল: আসলে এ হাঁটা চলতেই থাকবে। যখন আমি থাকব না, তখন হয়তো অন্য কেউ হাঁটবে। আমি বিমল পাল হাঁটছি, বিষয়টা আমার কাছে এমন নয়। মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে একজন মানুষ হাঁটছে। আমার বয়স ৭০। যখন আমি শারীরিকভাবে হাঁটতে পারব না, তখন আমার হয়ে অন্য কেউ হয়তো হাঁটবে। হাঁটা আর কখনো থামবে না।