মানিকগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর

বুড়ি মন্দিরের কয়েকটি প্রতিমা তুলে নিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গ্রামে মন্দির ঘিরে মানুষের জটলা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সদর উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে বুড়ি মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দইর এলাকার সীতানাথ মণ্ডলের বাড়িতে শতাধিক বছরের পুরোনো বুড়ি মন্দিরে গতকাল রাতের কোনো একসময় প্রতিমা ভাঙচুর করে সরানো হয়েছে। আজ রোববার সকালে সীতানাথ মণ্ডলের পরিবারের সদস্যরা মন্দিরে মূর্তি দেখতে না পেয়ে স্থানীয় ব্যক্তিদের জানান। পরে মন্দির থেকে প্রায় ১০০ গজ দূরে পুকুরপাড় ও বাঁশঝাড়ে ভাঙা অবস্থায় পাওয়া যায় কয়েকটি প্রতিমা। বিষয়টি পুলিশকে জানানো হলে প্রতিমাগুলোর ভাঙা অংশ উদ্ধার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ সরকার বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ও আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।