নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে ছয় দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বরগুনার অধিকাংশ এলাকার আমনের বীজতলা পানিতে তলিয়ে রয়েছে। এতে আমনের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। নতুন করে বীজতলা তৈরির সময় নেই, এতে বিপর্যয়ের মুখে পড়েছে আমন আবাদ।
স্থানীয় কৃষকেরা জানান, এক সপ্তাহ আগে ব্রি-২৩ ধানের বীজ করেছেন। গত ছয় দিনের টানা বৃষ্টিতে আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে আছে। পানিনিষ্কাশন না হলে বীজতলার চারা পচে যাবে। তখন আমন রোপন করতে হলে আবার তাঁদের উচ্চ দামে বীজ কিনে খেতে রোপণ করতে হবে।
জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রের জানা গেছে, এবার জেলায় ৯৯ হাজার ৪৮৮ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জন্য এ বছর জেলায় চলতি বছর জেলায় ৮ হাজার ৫০ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদর উপজেলায় এবার ১ হাজার ৭০০ হেক্টর জমিতে আমনের বীজতলা করা হয়েছে। এর মধ্যে ৫০ থেকে ৬০ হেক্টর জমির বীজ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন উপজেলার কৃষি কর্মকর্তারা।
সরেজমিনে দেখা গেছে , সদর উপজেলার খাজুরতলা, লাকুরতলা, সোনার বাংলা, গৌরিচন্ন, বেদবুনিয়া, কুমরাখালী এলাকার আমন ধানের বীজতলা হাঁটুসমান পানিরে নিচে তলিয়ে আছে। এসব বীজতলা থেকে চারা সরিয়ে ফেলছেন কৃষকেরা।
সদর উপজেলা খাজুরতলা গ্রামের নিজাম হাওলাদার বলেন, ‘এক মণ ধানের বীজ করেছিলাম। ছয় দিনের বৃষ্টিতে বীজের চারা উঠে ভাসছে। নতুন করে ধান কিনে বীজ করতে হবে।
তোতার বান্ধা এলাকার কৃষক তৈয়ব আলী ৪০ শতাংশ জমিতে দেড় মণ ধানের বীজতলা করেছেন। টানা বৃষ্টিতে তাঁর সব বীজতলা হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। তিনি বলেন, তলিয়ে থাকা বীজতলার বীজ দিয়ে যে জমিতে লাগাবে (রোপন) তার ভরসা নাই। বাড়তি দাম দিয়ে বীজ কিনে জমিতে লাগাতে হবে।
বদরখালী গ্রামের কৃষক মোশরফ হোসেন বলেন, ‘আমি ৪৮ শতাংশ জমিতে তিন মণ ধানের বীজতলা করেছি। বৃষ্টির পানিতে সব তলিয়ে আছে। পানি না সরলে সব বীজ নষ্ট হয়ে যাবে। আমাদের এলাকার পানি নামার ছোট খালটি ভরাট করা হয়েছে, তাই এই জলাবদ্ধতা। বীজ নিয়ে দুশ্চিন্তায় আছি।’
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে যে কৃষকেরা ব্রি-২৩ জাতের ধানের বীজ করেছেন, বৃষ্টির পানিতে তলিয়ে তাঁদের বীজতলা নষ্ট হবে। সদরে ৫০-৬০ হেক্টর জমির বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক (শস্য) এস এম বদরুল আলম প্রথম আলোকে বলেন, নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, এই বৃষ্টিতে আমনের বীজতলা নষ্ট হবে না। এছাড়া ১৫ দিন যদি পানিতে তলিয়ে থাকে, তা হলেও বীজতলার কোনো ক্ষতি হবে না।
জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টিতে কতজন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা যাচাই-বাচাই করে দেখা হবে। তারপর কোনো বরাদ্দ পেলে তাঁদের সহায়তা করা হবে।