
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও এলাকার এক গমখেতে পড়ে থাকা হাতকড়া পরা মরদেহের পরিচয় মিলেছে। পুলিশ বলছে, আমিরুল ইসলাম ওরফে আনিস (৩২) নামের ওই যুবক সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ছিলেন। টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে সহযোগীরা তাঁকে বিলের মধ্যে ডেকে এনে হত্যা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমিরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার নাকফাটা বয়রা মাসুম গ্রামের সাবের আলী সরকারের ছেলে। এ ঘটনায় পুলিশ গোলাম আযম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি বেলকুচি উপজেলার দারপুর গ্রামে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে মাঝগাঁও এলাকার এক গমখেতে পেছনে দুই হাত একসঙ্গে হাতকড়া পরা ও পা বাঁধা একটি মরদেহ পাওয়া যায়। কিন্তু মরদেহের পরিচয় জানা যাচ্ছিল না। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র বের করার চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে নিহত ব্যক্তিকে শনাক্ত করার জন্য বিভিন্নভাবে প্রচার ও অনুসন্ধান চালাতে থাকেন তাঁরা। অবশেষে আট দিন পর গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁর পরিচয় জানতে পারে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গোলাম আযমকে (৩০) আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় ও হত্যাকাণ্ড সম্পর্কে নিশ্চিত হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, নিহত আমিরুল ইসলাম একটি মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন। এই কাজের আড়ালে তিনি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, পাশাপাশি গোপনীয়তা ফাঁসের আশঙ্কায় তাঁকে হত্যা করার পরিকল্পনা করেন সহযোগীরা।
ওসি আবু সিদ্দিক বলেন, পরিকল্পনা অনুযায়ী বড়াইগ্রামের মাঝগাঁও এলাকায় ‘অপারেশন’ চালাবে এমন কথা বলে চক্রের সদস্যরা বনপাড়া বাইপাস মোড়ে আসেন। ৯ জানুয়ারি রাত ১১টার দিকে ঢাকা থেকে দুজন ও সিরাজগঞ্জ থেকে আমিরুলসহ দুজন বনপাড়া বাইপাসে একত্র হয়। পরে মাঝগাঁও বউবাজার এলাকায় এসে বিল পাড়ি দেওয়ার কথা বলে মাঝ বিলে নিয়ে যাওয়া হয় আমিরুলকে। সেখানে ছিনতাইয়ের জন্য নিয়ে আসা হাতকড়া, সড়কে মোটরসাইকেল আটকানোর জন্য আনা রশি দিয়ে আমিরুলকে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন সহযোগীরা। পরে লাশ ফেলে রেখে দুজন ঢাকায় ও গোলাম আযম সিরাজগঞ্জের নিজ গ্রামে চলে আসেন। পরবর্তী সময় ব্যাপক পুলিশি তদন্তে আযমকে আটক করা হয়। হত্যায় জড়িত অপর দুজনসহ সংঘবদ্ধ চক্রের সবাইকে আটকের চেষ্টা চলছে।