এবার জেলাটিতে ৪৭ হাজার ২৩৫ হেক্টর জমিতে শর্ষের আবাদ করা হয়েছে। তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা সোয়া দুই কোটি লিটার।
গত বছর পাঁচ বিঘা জমিতে শর্ষের আবাদ করেছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া গ্রামের চাষি আবদুল্লাহ আল মুরাদ। চাহিদা ও দাম বাড়ায় এ বছর তিনি ১২ বিঘায় শর্ষের আবাদ করেছেন। চাষি মুরাদ বলেন, সয়াবিন তেল থেকে শর্ষের তেলে চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ায় শর্ষের দামও বেড়েছে। এতে এবার শর্ষের আবাদ তিনি বাড়িয়েছেন।
মানিকগঞ্জের প্রতিটি ফসলি মাঠই এ বছর শর্ষের আবাদ করা হয়েছে। শর্ষের আবাদ বাড়ায় কমেছে ক্ষতিকর তামাকের চাষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ বছর যে পরিমাণ জমিতে শর্ষের আবাদ করা হয়েছে তাতে আশা করা যাচ্ছে, ২ কোটি ৩১ লাখ লিটার তেল পাওয়া যাবে।
মানিকগঞ্জে ভোজ্যতেলের চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ ভোজ্যতেল উৎপাদিত হয়, তা আসে জেলায় উৎপাদিত শর্ষে থেকে।মুহাম্মদ শাহ আলম, প্রশিক্ষণ কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শাহ আলম প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জে শর্ষের আবাদ হয়ে থাকে। শর্ষে উৎপাদনে সারা দেশের মধ্যে এই জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। সিরাজগঞ্জ প্রথম, দ্বিতীয় টাঙ্গাইল। মানিকগঞ্জে ভোজ্যতেলের চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ ভোজ্যতেল উৎপাদিত হয়, তা আসে জেলায় উৎপাদিত শর্ষে থেকে।
জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলাতেই শর্ষের আবাদ হয়ে থাকে। এ বছর সব উপজেলাতেই শর্ষের আবাদ বেড়েছে। গত বছর পুরো জেলায় ৩৭ হাজার ৫৪৩ হেক্টর জমিতে শর্ষের আবাদ হয়। উৎপাদিত হয় ৪৮ হাজার ৮০৬ টন শর্ষে। এবার ৪৭ হাজার ২৩৫ হেক্টর জমিতে শর্ষে আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৬ হাজার ১২৯ মেট্রিক টন। প্রতি ১০০ কেজি শর্ষে থেকে ৩৫ লিটার তেল পাওয়া যায়। জেলায় সবচেয়ে বেশি আবাদ করা হয় বারি-১৪ জাতের শর্ষে। এ ছাড়া আবাদ করা হয়েছে নতুন জাতের বারি-১৪, বারি-১৭ ও বারি-১৮ শর্ষে।
জেলা কৃষি অধিদপ্তরের দেওয়া হিসাবমতে, মানিকগঞ্জে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। প্রতিদিন প্রতিজনের খাদ্যতালিকায় ২২ মিলিলিটার ভোজ্যতেল লাগে। সেই হিসাবে বছরে জেলায় ভোজ্যতেলের চাহিদা প্রায় ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার লিটার। এ বছর জেলাটিতে শর্ষের তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ১৫০ লিটার। বাজারে বর্তমানে প্রতি মণ শর্ষের তেলের দাম ৩ হাজার ৯০০ থেকে ৪ হাজার ১০০ টাকা।
শর্ষের দাপটে জেলায় এ বছর তামাকের আবাদ কমেছে। গত বছর ৮৫৮ হেক্টর জমিতে তামাকের চাষ হলেও এবার কমে তা ৪২০ হেক্টরে নেমে এসেছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। জেলায় শর্ষের বড় চাষি মাহবুব হোসেন ওরফে রুনু জানান, সদর উপজেলার গড়পাড়া এলাকায় তিনি ২০ বিঘা জমিতে তামাকের আবাদ করতেন। এবার ওই জমিতে শর্ষের আবাদ করেছেন। এর কারণ জানতে চাইলে মাহবুব বলেন, ‘দেশে আমদানিনির্ভর ভোজ্যতেলজাত শস্যের আবাদ বাড়ানোর তাগিদ থেকেই তামাকের পরিবর্তে শর্ষের আবাদ করেছি। এ ছাড়া তামাক মানবদেহ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
কৃষি কর্মকর্তারা জানান, দেশে আমদানির্ভর সয়াবিন তেল সাধারণত মিশ্রজাতীয় সয়াবিন। এই তেল খাওয়ায় গ্যাস্ট্রিক, হৃদ্রোগসহ বিভিন্ন অসুখ হয়ে থাকে। সেদিক থেকে শর্ষের তেল মানবদেহের জন্য উপকারী। এ বছর অনাবাদি জমি, চরাঞ্চলের পতিত জমিতেও শর্ষের আবাদ করা হয়েছে। এ ছাড়া এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় জলাবদ্ধতা কম হওয়ায় নিচু জমিতেও শর্ষে আবাদের সুযোগ হয়েছে। এ ছাড়া সাথি ফসল হিসেবেও অনেক জমিতে শর্ষের আবাদ করা হয়েছে।
জেলা শহরে দুধবাজার এলাকায় তেলের মিলের মালিক দেলোয়ার হোসেন বলেন, প্রায় এক বছর ধরে শর্ষের তেলের চাহিদা বেড়েছে। আগে দিনে গড়ে ৪০ লিটার শর্ষের তেল বিক্রি হলেও এখন ৭০ থেকে ৮০ লিটার তেল বিক্রি হয়ে থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, দেশে চাহিদার ৯০ ভাগ ভোজ্যতেল আমদানি করতে হয়। এ জন্য সরকারকে প্রতিবছর ২১ হাজার কোটি টাকা খরচ হয়। এখন উন্নত জাতের শর্ষের আবাদ করা হয়েছে। এতে ফলনও ভালো হচ্ছে। দিন দিন শর্ষের তেলের চাহিদা এবং শর্ষের দাম ভালো পাওয়ায় কৃষকেরা শর্ষে চাষে আগ্রহী হচ্ছেন।