
টাঙ্গাইলের সখীপুরে বিরোধপূর্ণ জমির ধান কাটার সময় বাধা দেওয়ায় প্রতিপক্ষের হাতে স্থানীয় এক আওয়ামী লীগের নেতা খুন হয়েছেন। রোববার সকাল ৮টায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৬০)। তিনি কালমেঘা গ্রামের খসরু মিয়ার ছেলে। তাঁর কপালে গভীর ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ইসমাইল হোসেন বহুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
এ ঘটনায় ওই ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল মোল্লাসহ ২৬ জনের নামে সখীপুর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইসমাইল হোসেনের ছেলে মামুন মিয়া।
তাঁর বাবাকে কপালে গুলি করে হত্যা করা হয়েছে দাবি করে মামুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘১০ বছর আগে আমার বাবা বাড়ির পাশে একটি আবাদি জমি কেনেন। কয়েক বছর ধরে আজিজুল মোল্লা ও তাঁর পরিবারের লোকজন ওই জমি তাঁদের বলে দাবি করছেন। আজ সকালে আজিজুল মোল্লা ও তাঁর লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের রোপণ করা ধান কাটতে ওই জমিতে আসেন। তখন বাবা ও আমার এক ফুফাতো ভাই তাঁদের বাধা দেন। একপর্যায়ে বিএনপি নেতা আজিজুল মোল্লা পিস্তল দিয়ে আমার বাবার কপালে গুলি করেন।’
মামুন মিয়া আরও বলেন, ‘ঘটনার সময় আজিজুল মোল্লা ও তাঁর লোকজন আমার ফুফাতো ভাই দুলু মিয়াকে (৪০) কুপিয়ে গুরুতর আহত করেছেন। দুলু মিয়া বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।’
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়হাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির কপালে গভীর ক্ষত রয়েছে। কিসের আঘাতে ক্ষত হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি গুলিতে নাকি ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।