সাতক্ষীরায় পুলিশের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড করার অভিযোগ

বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের একটি দল বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সড়কের ওপর থেকে সরিয়ে দেয়
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন মিয়ার মৃত্যুর প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মঙ্গলবার চারটার দিকে কাটিয়া আমতলা এলাকায় বিক্ষোভ সমাবেশ ডাকে জেলা বিএনপি। তবে বিএনপির সমাবেশ বানচাল করতে পূর্বপরিকল্পিতভাবে সাতক্ষীরা যুবলীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের নেতা–কর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান নেন। ওই সময় বিএনপির নেতা–কর্মীরা মিছিল করার চেষ্টা করলে যুবলীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের নেতা–কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে সাড়ে চারটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সড়কের ওপর থেকে সরিয়ে দেয়। এতে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে যায়।

পুলিশি বাধার সময় ঘটনাস্থলে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবদুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলামসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল হক বলেন, আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর সফর উপলক্ষে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃত্বে আজ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক বিন আবদুল আজিজ বলেন, একই স্থানে দুই দলের লোকজনের উপস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য দুই দলকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।