এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান মারা গেছেন

মাসুদ পারভেজ খান
ছবি: সংগৃহীত

কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার তিনি ঘুমের মধ্যেই মারা গেছেন। তাঁর বোন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

মাসুদ পারভেজ খান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আফজল খানের বড় ছেলে। তাঁর মা নার্গিস সুলতানা কুমিল্লা মডার্ন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া রামমালা সড়কের ৬৯/৫৭ নম্বর বাসায় রাতে ঘুমিয়ে ছিলেন মাসুদ পারভেজ খান। সকাল থেকে তাঁর মুঠোফোনে কল বাজতে থাকে। একপর্যায়ে বাসার লোকজন বেলা সাড়ে ১১টায় তাঁর শয়নকক্ষে গিয়ে দেখতে পান, তিনি অচেতন হয়ে শুয়ে আছেন। এরপর তাঁকে নগরের ঝাউতলা এলাকার বেসরকারি মুন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তিনি ঘুমের মধ্যেই মারা গেছেন।

মাসুদ পারভেজ খান স্ত্রী, দুই ছেলে, মা, দুই ভাই ও এক বোন রেখে গেছেন।

মাসুদ পারভেজ খান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কুমিল্লা শিল্প ও বণিক সমিতির একাধিকবারের সভাপতি ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হন মাসুদ পারভেজ খান। এতে তিনি ৩৮ হাজার ২৯৩ ভোট পেয়ে দ্বিতীয় হন। ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।