ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে মেজবানের আয়োজন করা হয়। আজ জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে মেজবানের আয়োজন করা হয়। আজ জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে।

১৩২৪ কেজি গরুর মাংস ও ৭০০ লাউ দিয়ে মাষকলাই ডাল, মেজবান খেল ১০ হাজার মানুষ

গ্রামে তখন কার্তিক মাস মানেই অভাব-অনটনের দিন। ঘরে ঘরে খাবারের সংকট। সেই সময়ে প্রতিবেশী ও স্বজনদের অন্তত এক বেলা ভালো খাবার খাওয়ানোর ইচ্ছা থেকে ৬০ বছর আগে ছোট্ট পরিসরে শুরু হয়েছিল এক আয়োজন। ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে শুরু হওয়া সেই আয়োজন এখন বিশাল মেজবান। এবার সেখানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে এ মেজবানের আয়োজন করা হয়। আজ শনিবার স্থানীয় জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মেজবানে ত্রিশাল ছাড়াও ফুলবাড়ীয়া, ভালুকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নেন। নানা শ্রেণি-পেশার, বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় মিলনমেলায়।

প্রায় ৬০ বছর ধরে আয়োজনটি করছি। ছোট পরিসরে শুরু করেছিলাম। তখন দুই-তিন মণ চাল-ডাল দিয়ে মানুষকে খাওয়াতাম। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলাম। তবে উপস্থিতি আরও বেড়েছে। প্রায় ১০ হাজার মানুষ খেয়েছেন।
নুরুদ্দীন খান, আয়োজক
ছয় দশক ধরে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে মেজবানের আয়োজন করেন নুরুদ্দীন খান

‘প্রায় ৬০ বছর ধরে আয়োজনটি করছি’

আয়োজক নুরুদ্দীন খানের বয়স এখন ৮৫ বছর। পাকিস্তান আমলে তিনি কৃষি উন্নয়ন করপোরেশনে থানা ইন্সপেক্টর হিসেবে চাকরি করতেন। ১৯৬৬ সালে তাঁর বয়স যখন ২৫ বছর, তখন নিজের উদ্যোগে ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে এ আয়োজন শুরু করেন। এক বেলা ভালো খাবার খাওয়ানের জন্য তিনি এটি শুরু করেন। প্রথম দিকে দু-তিন মণ চাল ও ডাল দিয়ে আয়োজন হতো। সময়ের সঙ্গে বেড়েছে পরিসর, বেড়েছে অতিথির সংখ্যাও।

নুরুদ্দীন খান বলেন, ‘প্রায় ৬০ বছর ধরে আয়োজনটি করছি। ছোট পরিসরে শুরু করেছিলাম। তখন দুই-তিন মণ চাল-ডাল দিয়ে মানুষকে খাওয়াতাম। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলাম। তবে উপস্থিতি আরও বেড়েছে। প্রায় ১০ হাজার মানুষ খেয়েছেন।’

নুরুদ্দীন খান জানান, এ আয়োজনে এলাকার দরিদ্র মানুষ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে আসেন। সবাইকে এক বেলা তৃপ্তি করে খাওয়ানো এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখাই তাঁর উদ্দেশ্য। যত দিন বেঁচে থাকবেন, তত দিন এ আয়োজন চালিয়ে যেতে চান তিনি।

দীর্ঘদিনের এ আয়োজন ধরে রাখতে নুরুদ্দীন খানের চার ছেলে সহযোগিতা করছেন। তাঁরা প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত।

এবার খাবার রান্না শুরু হয় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে, চলে শনিবার বেলা ১১টা থেকে শুরু হয় খাবার পরিবেশন

খরচ ১৫ লাখ টাকা

এবারের আয়োজনে ব্যয় হয়েছে আনুমানিক ১৫ লাখ টাকা। রান্না করা হয় ১ হাজার ৩২৪ কেজি গরুর মাংস। এ ছাড়া ৩৬ মণ চালের ভাত, ৭০০ লাউ দিয়ে ১ হাজার ৩০০ কেজি মাষকলাইয়ের ডাল রান্না করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে ১৬টি চুলায় রান্না শুরু হয়। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে খাবার পরিবেশন।

প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ জনকে খাবার পরিবেশন করা হয়। আয়োজন সফল করতে গ্রামের প্রায় ৩০০ তরুণ ও স্বেচ্ছাসেবক কাজ করেন। দুই দিন ধরে তাঁরা রান্না, খাবার পরিবেশন, অতিথিদের বসার ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

আয়োজনের তদারকির দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খান বলেন, বাইরের লোকের ওপর নির্ভর না করে গ্রামের তরুণেরাই সম্মিলিতভাবে আয়োজনের সব কাজ করেছেন। দুই দিন ধরে তাঁরা প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজে যুক্ত ছিলেন।

খাবারের তালিকায় ছিল সাদা ভাত, গরুর মাংস এবং লাউ দিয়ে রান্না করা মাষকলাইয়ের ডাল

সম্প্রীতির পরিবেশ

মেজবানে খেতে আসা দরিরামপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রশিদ বলেন, প্রতিবছরই এ আয়োজন হয়। এত মানুষের অংশগ্রহণে এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।

খাবার পরিবেশনের দায়িত্বে থাকা স্থানীয় যুবক শান্ত বলেন, প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ জনকে খাওয়ানো হয়েছে। আট দফায় খাবার পরিবেশন শেষ হওয়ার পরও অতিথিদের আসা অব্যাহত ছিল।

ত্রিশাল থেকে আসা স্মৃতি আক্তার বলেন, আয়োজক পরিবারের আত্মীয় হিসেবে প্রতিবছর তিনি এ অনুষ্ঠানে আসেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং সবার সঙ্গে একসঙ্গে খাওয়ার বিষয়টি তাঁর ভালো লাগে।