রংপুর নগরের হাজীরহাট এলাকায় একটি পুকুর থেকে পুরোনো এলএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে
রংপুর নগরের হাজীরহাট এলাকায় একটি পুকুর থেকে পুরোনো এলএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে

রংপুরে পুকুরে মিলল ‘একাত্তরের’ এলএমজি, ম্যাগাজিন ও গুলি

রংপুর নগরীর একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এলএমজি, ম্যাগাজিন এবং কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২ নম্বর ওয়ার্ডের অভিরাম গ্রামের একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। মেট্রোপলিটন হাজিরহাট থানা–পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নগরের ২ নম্বর ওয়ার্ডের অভিরাম গ্রামের এক ব্যক্তির শুকিয়ে যাওয়া পুকুরে খেলছিল কয়েকজন শিশু। একপর্যায়ে তারা পুকুরের মাটি খনন করলে এসব আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানান। খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে তিনটি এলএমজি, তিনটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসির দায়িত্ব পালনকারী উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম বলেন, পুকুর থেকে উদ্ধার হওয়া এসব আগ্নেয়াস্ত্র ১৯৭১ সালের হতে পারে। এগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।